ছোট দলের বড় তারকা - স্টিভ টিকোলো


'ছোট দলের বড় তারকা' প্রসঙ্গটি উঠলেই সবার আগে যার নাম মাথায় আসে তিনি হলেন স্টিভ টিকোলো। কেনিয়ার মত ছোট্ট একটি আফ্রিকান দেশকে বিশ্ব ক্রিকেট মানচিত্রে পরিচিত করতে একজন ক্রিকেটার হিসেবে টিকোলোর ভূমিকা অনস্বীকার্য। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে এই মানুষটি কেনিয়ান ক্রিকেটের যে মশাল বয়ে নিয়ে চলেছেন, সেই মশাল হয়ত সব সময় একরকম দীপ্তি ছড়ায় নি। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় টিকোলো এতটাই দুর্দান্ত খেলোয়াড় ছিলেন যে তিনি বিশ্বের যেকোন দলের হয়ে খেলার যোগ্যতা রাখতেন।



ছোট দলের বড় তারকা - স্টিভ টিকোলো


১৯৭১ সালের ২৫ জুন কেনিয়ার নাইরোবির একটি ক্রিকেট পরিবারে জন্ম টিকোলোর। তাঁর পুরো নাম স্টিফেন ওগোনজি টিকোলো। স্টিভের বড় ভাই টম টিকোলো কেনিয়ার অধিনায়কত্ব করেছেন একটা সময়। ১৯৯৬ বিশ্বকাপে স্টিভ টিকোলো ও তার আরেক বড় ভাই ডেভিড টিকোলো মিলে একসঙ্গে নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন।

স্টিভ টিকোলো ছিলেন একজন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি স্লো মিডিয়াম বোলার। তার অফ স্পিনটাও সীমিত ওভারের ক্রিকেটে বেশ কার্যকরী ছিল। যখন ছন্দে থাকতেন তাঁকে ব্যাট করতে দেখাটা সত্যিই ছিল চোখের জন্য প্রশান্তি। প্রায় সব ধরনের ক্রিকেটীয় শট তার হাতে ছিল এবং তার দৃষ্টিনন্দন স্ট্রোকসমৃদ্ধ সাবলীল ব্যাটিং শৈলী ক্রিকেটপ্রেমীদের পরম মুগ্ধতায় আচ্ছন্ন করে রাখত। টিকোলোর নিখুঁত টেকনিক ও দুর্দান্ত হ্যান্ড আই কো অর্ডিনেশন ছিল সত্যিই বিস্ময়কর। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে ব্যাটসম্যান হিসেবে তিনি ছিলেন খুবই ধারাবাহিক।

১৯৯৬ বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোটাকে অনুষ্ঠিত ম্যাচের মধ্য দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল টিকোলোর। অভিষেকেই দারুণ ব্যাটিংয়ে মুগ্ধ করেছিলেন সবাইকে। সেই ম্যাচে কেনিয়ার বিপদে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি। তিনে নেমে ৮৩ বলে ৬৫ রানের এক সাহসী ও আত্মবিশ্বাসী ইনিংস খেলেছিলেন তিনি যেখানে অন্য ব্যাটসম্যানদের কেউই ত্রিশের কোটাই পার হতে পারেন নি। কেনিয়া সেদিন মাত্র ১৯৯ রান সংগ্রহ করতে সমর্থ হয় এবং ভারত ৭ উইকেটে জিতেছিল অনায়াসেই।

সেই ১৯৯৬ বিশ্বকাপেই ইতিহাসের অন্যতম সেরা অঘটন দেখেছিল ক্রিকেট বিশ্ব। পুনেতে অনুষ্ঠিত লো স্কোরিং এক ম্যাচে পুঁচকে কেনিয়া হারিয়ে দিয়েছিল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে। কেনিয়ার ১৬৬ রানের জবাবে অলআউট হবার আগে ওয়েস্ট ইন্ডিয়ানরা করতে পেরেছিল মাত্র ৯৩ রান। কেনিয়ার ইনিংসে সর্বোচ্চ ২৯ রান এসেছিল এই টিকোলোর ব্যাট থেকেই। এমনকি সেই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে একমাত্র ছক্কাটিও তিনিই মেরেছিলেন।

১৯৯৭ সালের আইসিসি ট্রফির ঐতিহাসিক ফাইনালে কেনিয়ার ২৪১ রানের বড় স্কোর গড়তে সবচেয়ে বেশি অবদান ছিল টিকোলোর। তাঁর ১৪৭ রানের অসাধারণ ইনিংসটিও সেদিন কেনিয়ার হার এড়াতে পারে নি। টানটান উত্তেজনাকর ও নাটকীয়তায় ভরা সেই ম্যাচটি ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জিতে নিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের মধ্য দিয়েই কেনিয়া ও বাংলাদেশ উভয় দলই ১৯৯৯ বিশ্বকাপে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। সেবারের আইসিসি ট্রফিতে কেনিয়ার সাফল্যের মূল কারিগর ছিলেন এই টিকোলো। টুর্নামেন্টের ২য় সর্বোচ্চ ৩৯৯ রান করেছিলেন তিনি। তার ব্যাটিং এভারেজ ছিল ৪৪.৩৩।

১৯৯৮ সালে ভারতে অনুষ্ঠিত এক ত্রিদেশীয় সিরিজে ভারতকে হারিয়ে বিরাট এক অঘটনের জন্ম দিয়েছিল কেনিয়া। গোয়ালিয়রের সেই ওয়ানডেতে টিকোলো ব্যাট হাতে ২১ রান করার পাশাপাশি বল হাতেও দারুণ পারফর্মেন্স দেখিয়ে ম্যাচসেরা হওয়ার গৌরব অর্জন করেছিলেন। সেই ম্যাচে তার বোলিং ফিগার ছিল ১০-০-২৩-৩। তার শিকার করা উইকেটগুলোর মধ্যে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করা রাহুল দ্রাবিড়ের মহামূল্যবান উইকেটটিও ছিল। কেনিয়ার ঐতিহাসিক জয়টি এসেছিল ৬৯ রানের ব্যবধানে।

১৯৯৯ বিশ্বকাপও টিকোলোর জন্য বেশ সফল টুর্নামেন্ট ছিল। ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে দারুণ দুটি অর্ধশত রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া ২০০২ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ৯৩ রানের অসাধারণ ইনিংসটি তার ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর মধ্যে অন্যতম।

কেনিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যটি ধরা দিয়েছিল ২০০৩ বিশ্বকাপে। স্টিভ টিকোলোর সুযোগ্য নেতৃত্বে সেই আসরের সেমিফাইনালে উঠে গিয়েছিল কেনিয়া। সেমিতে ওঠার পথে তারা বাংলাদেশ, শ্রীলংকা ও জিম্বাবুয়ের মত দলকে হারানোর মাধ্যমে গোটা ক্রিকেটবিশ্বকে অবাক করে দিয়েছিল। পরে অবশ্য সেমিতে তারা ভারতের কাছে হেরে যায়।

১৯৯৬ থেকে ২০১১ পর্যন্ত সবকটি বিশ্বকাপেই অংশ নিয়েছিলেন স্টিভ টিকোলো। পাঁচ বিশ্বকাপে সব মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ৭৬৮ রান ও ১৫ টি উইকেট।
টিকোলো তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ২০১১ বিশ্বকাপে কলকাতায় জিম্বাবুয়ের বিপক্ষে। অবশ্য তার আগেই তিনি অবসরের আগাম ঘোষনা দিয়ে রেখেছিলেন। তাঁর ক্যারিয়ারের সর্বশেষ ইনিংসে তিনি বাঁহাতি স্পিনার রেমন্ড প্রাইসের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তার আউটের পর জিম্বাবুয়ের খেলোয়াড়েরা কেউ কোন রকম উদযাপন করেন নি; বরং ক্রিকেট মাঠে শেষবারের জন্য তাঁর সাথে হাত মেলাতে সবাই ছুটে এসেছিলেন। শুধু তাই নয়, সবাই মিলে একসাথে দাঁড়িয়ে তাঁর উদ্দেশ্যে 'গার্ড অব অনার' দিয়েছিলেন। তিনি যতক্ষণ না পর্যন্ত ড্রেসিংরুমে পৌঁছাতে পেরেছিলেন ততক্ষণ অব্দি করতালি দিয়ে তাঁর প্রতি সম্মান জানিয়েছিল জিম্বাবুয়ের খেলোয়াড়েরা। সেই মুহূর্তটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে।

খেলোয়াড়ি জীবন শেষে টিকোলো বেছে নিয়েছিলেন কোচিং ক্যারিয়ার। সারাজীবন ক্রিকেটের সাথে রক্তমাংসে মিশে থাকা এই মানুষটি কখনও ক্রিকেট ছেড়ে দূরে থাকতে পারেন নি। ২০১২ সালে তিনি কেনিয়ার প্রতিবেশি দেশ উগান্ডার ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন। পরবর্তীতে কেনিয়ান ক্রিকেট বোর্ডের সাথে তার সম্পর্কের তিক্ততার জন্য তিনি কেনিয়ার ক্রিকেটে অবদান রাখতে চেয়েও পারেন নি।

২০১৩ সালে উগান্ডার ব্যাটিং কোচ থাকাকালীন সময়ে ৪২ বছর বয়সে হঠাত কেনিয়ার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। ২০১১ তে একবার অবসর নেয়ার প্রায় দুই বছর পর কেনিয়ান ক্রিকেটের বৃহৎ স্বার্থে অবসর ভেঙ্গে ওয়ার্ল্ড টি২০'র কোয়ালিফাইং রাউন্ডে অংশ নিতে দুবাই গিয়েছিলেন তিনি। ২০১৪ সালের জানুয়ারিতে শেষবারের মত ক্রিকেটকে বিদায় বলার পূর্বে ৪টি টি২০ এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেন তিনি।

কেনিয়ার ইতিহাসের অবিসংবাদিত সেরা ব্যাটসম্যান টিকোলোর ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ সম্ভবত কোনদিন টেস্ট খেলার সুযোগ না পাওয়া। তবুও ক্রিকেট বিশ্ব তাঁকে একজন লিজেন্ড হিসেবেই চিরদিন মনে রাখবে।
x
Previous
Next Post »