বহুল প্রচলিত বৃষ্টি আইন 'ডাকওয়ার্থ-লুইস' মেথড


ক্রিকেটে ব্যবহৃত সবচাইতে গ্রহণযোগ্য ও বহুল প্রচলিত বৃষ্টি আইন 'ডাকওয়ার্থ-লুইস' পদ্ধতি সম্পর্কে আমরা সবাই কমবেশি পরিচিত। ডাকওয়ার্থ ও লুইস আসলে দুটো শব্দ নয়, দুজন ইংরেজ ভদ্রলোকের নাম। যাদের একজন পরিসংখ্যানবিদ আর অন্যজন হলেন গণিতজ্ঞ। ক্রিকেট খেলায় আকাশের মুখ একটু গোমড়া হওয়া মানেই এই দুই ভদ্রলোককে নিয়ে টানাটানি। বৃষ্টি বা অন্য যেকোন কারণে বিঘ্নিত কোন সীমিত ওভারের ম্যাচের শেষ দেখে ছাড়তে আধুনিক ক্রিকেটে ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ও টনি লুইস নামের এই দুই ভদ্রলোকের অবদান অনস্বীকার্য। তাঁদের হাত ধরেই পাল্টে গেছে আধুনিক ক্রিকেটে বৃষ্টি আইনের সংজ্ঞা।

বহুল প্রচলিত বৃষ্টি আইন 'ডাকওয়ার্থ-লুইস' মেথড


এই মেথড চালু হবার আগে আরও দুটি মেথড চালু ছিল। এর মধ্যে বেশি প্রচলিত ছিল MPO মেথড বা Most Productive Over Method. এই পদ্ধতি অনুসারে ২য় ইনিংসে ব্যাটিং করা দলের যত ওভার কমানো হবে, সেই ওভার গুলো হবে প্রথমে ব্যাট করা দলের সবচেয়ে কম রান তোলা ওভার। অর্থাৎ পরে ব্যাট করা দলের ইনিংসে যদি ১০ ওভার কমে যায়, তাহলে প্রথমে ব্যাট করা দলের ইনিংসের যেই ১০ টি ওভার থেকে সবচেয়ে কম রান এসেছে সেই ১০ ওভারের রানই কমে যাবে টার্গেট থেকে।

এই পদ্ধতির বড় গলদ ধরা পড়ে ১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে। বৃষ্টি নামার আগে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৩ বলে ২২ রান। ১২ মিনিটের বৃষ্টি শেষে 'মোস্ট প্রোডাক্টিভ ওভার' মেথডে দক্ষিণ আফ্রিকাকে ১ বলে ২১ রানের নতুন টার্গেট দেয়া হয় যা রীতিমতো অবাস্তব। অথচ সেখানে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি প্রয়োগ করলে দক্ষিণ আফ্রিকার নতুন টার্গেট দাঁড়াতো ১ বলে ৫ রান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় কিংবা টাইয়ের অন্তত সুযোগ থাকত।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিটি প্রথম ব্যবহূত হয় ১৯৯৭ সালের জানুয়ারিতে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার একটি ওয়ানডে ম্যাচে। বৃষ্টিবিঘ্নিত ঐ খেলায় জিম্বাবুয়ে ডিএল মেথডে ৭ রানে জয়ী হয়। আর বৃষ্টিবিঘ্নিত সীমিত ওভারের ম্যাচের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি কর্তৃক এই পদ্ধতি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় ১৯৯৯ সালে।

প্রথমত, বৃষ্টি বা অন্যান্য কারণে যদি ম্যাচের পুরো ওভার শেষ করা না যায়, তাহলে ডিএল মেথড ব্যবহার করা হয়। এই মেথড ওয়ানডে এবং টি টুয়েন্টি ক্রিকেটে ব্যবহার করা হয়। আমাদের আলোচনা হবে ওয়ানডে ক্রিকেট নিয়ে। ডিএল মেথড অনুযায়ী কোনো ওয়ানডে ম্যাচের ফল তখনই ঘোষিত হবে যখন উভয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার করে খেলা হবে।

দ্বিতীয়ত, যদি ম্যাচের আগেই বৃষ্টির কারণে কার্টেল ওভারের ম্যাচ ঘোষণা করা হয় এবং উভয় পক্ষকেই রিডিউসড ওভার খেলতে দেয়া হয় এবং ম্যাচের মধ্যে আর কোনো ওভার কাটা না লাগে, সেক্ষেত্রে ডিএল মেথড প্রযোজ্য হবেনা। যেমন, হয়তো বৃষ্টি হয়েছে ম্যাচের আগে, একটা সময় বৃষ্টি থেমে মাঠ খেলার উপযোগী হল, কিন্তু এতে কিছু সময় নষ্ট হওয়ায় ৫০ ওভারের বদলে উভয় পক্ষকে ৪০ ওভার দেয়া হল খেলার জন্য এবং দুই দলই পুরো ৪০ ওভার করে খেলার সুযোগ পেল। এক্ষেত্রে ডিএল মেথড প্রযোজ্য হবেনা। কেননা এক্ষেত্রে ইনিংস শুরুর আগে সবারই রান শুন্য এবং উইকেটের ঘরেও শুন্য এবং প্রত্যেকেই জানে রিডিউসড ওভারের কথা।

যদি প্রথম ইনিংসে কোনো বিঘ্ন ঘটে এবং প্রথম ইনিংস শুরুর পরে সেটাকে রিডিউস করা হয়, কিন্তু সেই রিডিউসড ওভারের সমান ওভারই দ্বিতীয় ইনিংসে খেলতে দেয়া হয় তখন প্রথম ইনিংস শেষে দ্বিতীয় ইনিংসের টার্গেট পুনরায় সেট করা হয়। এটা হাতে কত ওভার ছিল, কত রান হয়েছে আর কত উইকেট ছিল এটার উপর ভিত্তি করে করা হয়। সাধারণত এসব ক্ষেত্রে টার্গেট বাড়ানো হয় দ্বিতীয় ইনিংসে। কেননা প্রথম ইনিংসের কিছুটা অংশ জুড়ে ব্যাটিং দল ভেবেছিল তাদের হাতে আরও ওভার আছে। সেক্ষেত্রে আগে জানলে তারা আরও দ্রুত রান তোলার উদ্দেশ্যে ব্যাটিং করতে পারতো। সেই রানটা ব্যালান্স করে দেয়া হয় টার্গেট পুনর্নির্ধারণ করে বাড়িয়ে।

যদি দ্বিতীয় ইনিংসে কোনো বিঘ্ন ঘটে এবং এর জন্য দ্বিতীয় ইনিংসের ওভার সংখ্যা কমাতে হয়, তাহলে ডিএল মেথড অনুযায়ী হাতে থাকা রান, ওভার ও উইকেট অনুযায়ী তাদের টার্গেট পুনর্নির্ধারণ করা হয়।

প্রশ্ন আসতেই পারে এই নির্ধারণ কিসের ভিত্তিতে করা হয়? এটা করা হয় “রিসোর্সের” ভিত্তিতে। এই রিসোর্স হল হাতে থাকা ওভার এবং উইকেট মিলিয়ে একটা পার্সেন্টেজ। উদাহরণ হিসেবে এখানে একটি টেবিল দেয়া আছে যেখানে ৫ ওভার পর পর এবং উইকেট হাতে থাকার ভিত্তিতে রিসোর্স দেখানো হয়েছে। প্রতিটি বলের বিস্তারিত হিসাব আছে সম্পূর্ণ টেবিলে।

ডিএল মেথড যেভাবে অ্যাপ্লাই হবেঃ

১. ইনিংসের শুরুতে রিসোর্স পার্সেন্টেজ যত ছিল
২. বিরতির ফলে যেটুকু রিসোর্স নষ্ট হবে
৩. বাকি যা রিসোর্স থাকবে

এখন পরে ব্যাট করা দলের রিসোর্স যদি প্রথমে ব্যাট করা দলের থেকে কম হয়, তাহলে দুই দলের বাকি থাকা রিসোর্সের রেশিও বের করতে হবে। এরপর পরে ব্যাট করা দলের টার্গেট হবে প্রথমে ব্যাট করা দলের স্কোর কে সেই রেশিও দিয়ে ভাগ করে।

যদি পরে ব্যাট করা দলের রিসোর্স প্রথমে ব্যাট করা দলের রিসোর্সের থেকে বেশি হয়, তাহলে ১ম দলের রিসোর্স কে ২য় দলের রিসোর্স থেকে বাদ দিয়ে দিতে হবে। এরপর এটাকে ২৪৫ এর পার্সেন্টেজ বানাতে হবে (আইসিসি নির্ধারিত ওয়ানডের গড় স্কোর)। এরপর সেটাকে প্রথমে ব্যাট করা দলের রানের সাথে যোগ করে পরে ব্যাট করা দলকে টার্গেট দিতে হবে।

১ম উদাহরণঃ (২য় দলের ইনিংসের মাঝে ওভার কার্টেল হলে)

প্রথমে ব্যাট করে টিম ‘এ’ ৫০ ওভারে ২৫০ রান করলো। চেজ করতে নেমে টিম ‘বি’ ৪০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান করলো এমন অবস্থায় বৃষ্টিতে খেলা স্থগিত হয়ে গেল।

এখানে, টিম ‘এ’ পুরো ৫০ ওভারে খেলেছে, তাই তাদের রিসোর্স = ১০০%

টিম ‘বি’ এর শুরুতে রিসোর্স ছিল = (৫০ ওভারই খেলা হবার কথা) ১০০%

৪০ ওভার শেষে টিম ‘বি’ ৫ উইকেট হারিয়েছে, টেবিল অনুযায়ী তাদের রিসোর্স বাকি = ২৬.১%
টিম ‘বি’ এর মোট ব্যবহৃত রিসোর্স = ১০০ - ২৬.১ = ৭৩.৯%

এখানে টিম ‘বি’ এর রিসোর্স ‘এ’ থেকে কম, সুতরাং ‘বি’ এর টার্গেট হবে মেইন টার্গেটের ৭৩.৯/১০০ গুণ।

টিম ‘এ’ এর স্কোর ছিল ২৫০, তাই টিম ‘বি’ এর টার্গেট হবে ২৫০ x ৭৩.৯/১০০ = ১৮৪.৭৫ = ১৮৫

যেহেতু ম্যাচ আর হয়নি, সেহেতু বিজয়ী ঘোষণা হবে টিম ‘বি’ এই টার্গেট অতিক্রম করেছে কিনা এটা দেখে। যেহেতু টিম ‘বি’ ১৯৯ রান করেছে, তারা ১৮৫ থেকে ১৪ রান বেশি করেছে, ফলে তারা ১৪ রানে বিজয়ী হয়েছে পরে ব্যাট করা সত্বেও।

২য় উদাহরণঃ (২য় ইনিংসের মাঝপথে খেলা স্থগিত হয়ে কিছু ওভার কেটে আবার চালু হলে)

ধরা যাক, ৪০ ওভারের কার্টেল ম্যাচে ১ম ইনিংসে ব্যাট করে টিম ‘এ’ ২০০ রান করলো এবং টিম ‘বি’ ৩০ ওভারে ৫ উইকেটে ১৪০ করলো। এ অবস্থায় বৃষ্টির জন্য ৫ ওভার খেলা স্থগিত থাকার পর আবার শুরু। এ অবস্থায় টিম ‘বি’ এর নতুন টার্গেট কি হবে?

টিম ‘এ’ ৪০ ওভার খেলেছে প্রথম থেকে, সুতরাং তাদের রিসোর্স = ৮৯.৩%

টিম ‘বি’ এর ইনিংস শুরুর সময় রিসোর্স (৪০ ওভার খেলা হবার কথা) = ৮৯.৩%

৩০ ওভার শেষে টিম ‘বি’ এর ১০ ওভার হাতে ছিল এবং ৫ উইকেট হাতে ছিল, এই অবস্থায় রিসোর্স = ২৬.১%

৫ ওভার কাটা যাওয়ায় খেলা নতুন করে শুরু হলে হাতে থাকলো ৫ ওভার। এই অবস্থায় রিসোর্স থাকলো = ১৫.৪%

সুতরাং, রিসোর্স কাটা গেল ২৬.১ - ১৫.৪ = ১০.৭%
অর্থাৎ রিসোর্স বাকি থাকলো=
৮৯.৩ - ১০.৭ = ৭৮.৬%

টিম ‘বি’ এর রিসোর্স ‘এ’ থেকে কম, সুতরাং ‘বি’ এর টার্গেট হবে মেইন টার্গেটের ৭৮.৬/৮৯.৩ গুণ।

যেহেতু টিম ‘এ’ ২০০ করেছে, সুতরাং টিম ‘বি’ এর টার্গেট হবে ২০০ x ৭৮.৬/৮৯.৩ = ১৭৬ রান।
যেহেতু তারা ১৪০ রান করেছে, সুতরাং বাকি ৫ ওভারে তাদের করতে হবে আরও ৩৬ রান।

৩য় উদাহরণঃ (১ম ইনিংসে ইন্টারাপশন হলে)

ধরি, ৫০ ওভারের ম্যাচে টিম ‘এ’ প্রথমে ব্যাট করতে নেমে ২৫ ওভারে ২ উইকেটে ১০০ করলো, এই অবস্থায় বৃষ্টির কারণে ওভার কাটা যাওয়ায় ১ম দলের ইনিংস শেষ ঘোষণা করা হল এবং টিম ‘বি’কে ২৫ ওভার ব্যাট করার সুযোগ দেয়া হল। এখন টিম ‘এ’ জানতো না যে তাদের ইনিংস ২৫ ওভারে শেষ হবে, কিন্তু টিম ‘বি’ ২৫ ওভার জেনেই মাঠে নামছে, এটা টিম ‘এ’ এর জন্য আনফেয়ার হয়ে যায়। ফলে টিম ‘বি’ এর টার্গেট বেশি দেয়া হয়।

টেবিলে দেখতে পাবো, টিম ‘এ’ মাত্র ২৫ ওভার ব্যাট করার সুযোগ পাওয়ায় এবং ২ উইকেট হারানোয় তাদের ৬০.৫% রিসোর্স বাকি ছিল। যেহেতু ১০০% রিসোর্স থাকা অবস্থায় ইনিংস শুরু করেছে সুতরাং তারা মাত্র ১০০ - ৬০.৫ = ৩৯.৫% রিসোর্স ব্যবহার করতে পেরেছে।

টিম ‘বি’ ২৫ ওভার ব্যাট করার সুযোগ পাবে। তাদের হাতে ১০ উইকেট থাকায় রিসোর্স হবে ৬৬.৫%। ফলে টিম ‘বি’ এর হাতে ৬৬.৫ - ৩৯.৫ = ২৭% বেশি রিসোর্স থাকবে টিম ‘এ’ এর তুলনায়। সুতরাং তাদেরকে ২৪৫ এর ২৭% অর্থাৎ ৬৬.১৫ রান বেশি করতে হবে টিম ‘এ’ থেকে (৫০ ওভারের ওয়ানডের এভারেজ স্কোর ২৪৫ ধরা হয়)।

সুতরাং টিম ‘বি’ এর টার্গেট হবে ১০০ + ৬৬.১৫ = ১৬৬.১৫ বা ১৬৬ রান ২৫ ওভারে। এভাবে ‘বি’ টিমের আগে থেকে জেনে ২৫ ওভার ব্যাটিং করার সুবিধাটা নিউট্রিলাইজ করা হল।

এছাড়া ১ম ইনিংসের মাঝপথে খেলা স্থগিত হয়ে আবার ১ম ইনিংস শুরু হলে সেক্ষেত্রেও ডিএল মেথড অনুযায়ী টার্গেট কাঁটাছেড়া হবে।

নিয়মটা আসলেই অনেক জটিল। তবে এটা দিয়ে মোটামুটি একটা ধারণা পাওয়া সম্ভব। বর্তমানে ডিএল মেথডের ক্যালকুলেটর আছে যেখানে শুধুমাত্র রান, উইকেট আর ওভার সংখ্যা বসিয়ে দিলেই তারা টার্গেট নির্ধারণ করে দেয়।

★ আরো বিস্তারিত ব্যাখ্যা ও উদাহরণসহ তথ্যের জন্য উইকিপিডিয়া লিংক দ্রষ্টব্য-

★ ICC's D/L method (standard edition) table of resource percentages  পিডিএফ ফরম্যাটে ডাউনলোড লিংক দ্রষ্টব্য- Download

★ ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন এডিশন ক্যালকুলেটর (পিসিতে ব্যবহার উপযোগী সফটওয়্যার) ডাউনলোড লিংক দ্রষ্টব্য - http://dlcalc.codeplex.com

★ ডাকওয়ার্থ লুইস মেথড ক্যালকুলেটর অ্যাপ (অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন উপযোগী) ডাউনলোড লিংক দ্রষ্টব্য - Download



Previous
Next Post »