প্রসপার উতসেয়া - এক মিতব্যয়ী বোলারের গল্প

ছোটবেলা থেকেই দারুণ প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় একজন অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবেই ভাবা হত তাকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক মাত্র ১৫ বছর বয়সে, ম্যাশোনল্যান্ড ঈগলসের হয়ে। অভিষেক ম্যাচে বল হাতে মাত্র ৩ উইকেট পেলেও ব্যাট হাতে দলের দুঃসময়ে খেলা দারুণ এক ফিফটিতে রেখেছিলেন নিজের প্রতিভার স্বাক্ষর। টেস্ট আর ওয়ানডে দুটোতেই অভিষেক ২০০৪ সালে মাত্র ১৯ বছর বয়সে শ্রীলংকার বিপক্ষে। তার ওপর অপরিণত কাঁধে অধিনায়কত্বের বোঝা চাপিয়েছেন মাত্র ২১ বছর বয়সে কিছু বুঝে ওঠার আগেই। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন এই ডানহাতি অফ স্পিনার।

বলছিলাম জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক প্রসপার উতসেয়ার কথা। ২০০৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের একেবারেই অনভিজ্ঞ তরুণ একটা দলের অধিনায়ক হিসেবে টেরি ডাফিনের স্থলাভিষিক্ত হন উতসেয়া। দায়িত্ব পেয়েই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতিয়েছিলেন ৩-২ ব্যবধানে। সেবছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে বল হাতে দেখিয়েছিলেন নিজের প্রতিভার ঝলক। সেখানকার তুলনামূলক স্লো লো উইকেটে ফ্লাইট ও টার্নে রীতিমত নাকাল করে ছেড়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ১০ ওভার বোলিংয়ে মাত্র ৩৫ রানে নিয়েছিলেন ৩ উইকেট। তবে উতসেয়ার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে সিরিজের শেষ ম্যাচে কিংবদন্তী ব্রায়ান লারাকে আউট করার মুহূর্তটি। আউট হবার আগে উতসেয়ার পরপর দুই বলে খেলতে গিয়ে পরাস্ত হয়েছিলেন লারা।

ইকোনমিক্যাল অর্থাৎ মিতব্যয়ী বোলার হিসেবে উতসেয়ার সবসময়ই একটা আলাদা সুখ্যাতি ছিল। উইকেট নেওয়ার চেয়ে বরং রান আটকানোর দিকেই বেশি মনোযোগ ছিল এই ডানহাতি অফ স্পিনারের। মূলত নিজেকে একজন সীমিত ওভারের ক্রিকেট 'স্পেশালিষ্ট' হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। কার্যকরী অফ স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটের হাতটাও মন্দ ছিল না। সাথে ফিল্ডিংটাও ছিল দারুণ। মোটকথা জিম্বাবুয়ের ওয়ানডে দলের একজন অপরিহার্য সদস্য হিসেবে উতসেয়া ছিলেন দুর্দান্ত এক প্যাকেজ।

বাঁহাতি স্পিনার রেমন্ড প্রাইসের সাথে গড়ে তুলেছিলেন দারুণ কার্যকরী এক স্পিনিং জুটি। দুজনের কাজই ছিল মিডল ওভারে প্রচুর ডট বল দিয়ে ব্যাটসম্যানদেরকে বেঁধে রাখা। নিজেদের দায়িত্ব পালনে এ জুটির সফলতাও ছিল উল্লেখ করার মত। বিশেষ করে স্লো ট্র্যাকে উতসেয়া-প্রাইসের নিয়ন্ত্রিত এ্যকুরেট বোলিংয়ের সামনে রান তোলা যেকোন দলের জন্যই ছিল কষ্টসাধ্য ব্যাপার।

পুরনো বলের পাশাপাশি নতুন বল হাতেও ছিলেন সমান কার্যকরী। সীমিত ওভারের ম্যাচে পাওয়ারপ্লেতে বোলিং করাটাকে রীতিমত অভ্যাসে পরিণত করেছিলেন তিনি। উতসেয়ার বোলিংয়ের বিশেষত্ব ছিল নিখুঁত লাইন লেংথে টানা বোলিং করে যাবার ক্ষমতা। বেশি বেশি ডট বল দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতেন বলে সতীর্থরা মজা করে ডাকতেন 'ডটস' নামে। বলে টার্ন তেমন একটা না থাকলেও গতি ও ফ্লাইটে বৈচিত্র্য ছিল। উতসেয়ার ওডিয়াই পরিসংখ্যানও তাঁর নামের স্বপক্ষেই সাক্ষ্য দেয়। ১৬১টি ওয়ানডে ম্যাচে উইকেট পেয়েছেন ১৩২টি। তবে ওভারপিছু খরচ করেছেন মাত্র ৪.৩৫ রান যা সীমিত ওভারের ক্রিকেটে একজন বোলারের জন্য রীতিমতো ঈর্ষণীয়।

এছাড়া ব্যাট হাতে ওয়ানডেতে ৪টা ফিফটিসহ প্রায় ১৫০০ এর কাছাকাছি রানও আছে তাঁর। তবে ক্যারিয়ারে খুব বেশি টেস্ট খেলার সুযোগ পান নি উতসেয়া। মাত্র ৪ টেস্টে ৪১.০০ গড়ে তাঁর শিকার ১০টি উইকেট।

২০১৪ সালে হারারেতে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছিলেন প্রসপার উতসেয়া। জিম্বাবুয়ের পক্ষে দ্বিতীয় (প্রথমজন হলেন এডো ব্রান্ডেজ) এবং ওয়ানডে ইতিহাসের ৩০তম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সেবারই প্রথম পাঁচ উইকেট (৩৬/৫) নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের গতিপথ কী দুর্দান্তভাবেই না পাল্টে দিয়েছিলেন উতসেয়া! বিনা উইকেটে ১৪২ রান তুলে দক্ষিণ আফ্রিকা রানের পাহাড় গড়তে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। উতসেয়ার স্পিন ভেল্কিতে সেই দক্ষিণ আফ্রিকাই অলআউট হয়েছিল ২৩১ রানে! নিজের দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারে ফেরান হাশিম আমলাকে। পরের ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে যথাক্রমে ডি কক, রুশো ও মিলারকে আউট করে পূর্ণ করেন হ্যাটট্রিক। রুশো-মিলার দুজনেই ‘গোল্ডেন ডাক’!

কিন্তু এমন কীর্তির পরও এই অফ স্পিনারের জায়গা হয়েছিল পরাজিত দলে! বাগে পেয়েও দক্ষিণ আফ্রিকাকে সেবার হারাতে পারেনি জিম্বাবুয়ে। উল্টো ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭০ রানে অলআউট হয়ে হেরেছিল ৬১ রানে। তবে এরপরের ম্যাচেই বিশ্বচ্যাম্পিয়ন শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল জিম্বাবুয়ে। ১৯৮৩ সালের পর সেবারই প্রথম অর্থাৎ ৩১ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর গৌরব অর্জন করেছিল তারা। সেই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অধিনায়ক এলটন চিগুম্বুরা (৫২*)। তবে বল হাতে ৪০ রানে ২ উইকেট আর ব্যাট হাতে ২৮ বলে অপরাজিত ৩০ রান করা উতসেয়ারও যথেষ্ট বড় অবদান ছিল তাতে। অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে দুজন মিলে গড়েছিলেন ৫৫ বলে ৫৮ রানের ম্যাচ জেতানো পার্টনারশিপ।

২০১৪ সালে সন্দেহভাজন বোলিং একশনের দায়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন এই ডানহাতি অফ স্পিনার। একশন শুধরে ফিরে আসলেও পরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ মেলে নি তাঁর। ২০১৫ বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও পুরো টুর্নামেন্টই রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। বিশ্বকাপের পর তো জাতীয় দল থেকে একেবারেই বাদ দিয়ে দেয়া হল তাকে। গত দুই বছর হল সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রাখা হয়েছে তাকে। আবার ফিরে আসার তেমন কোন সম্ভাবনা নেই বললেই চলে।

দারুণ পরিশ্রমী ও প্রতিভাবান সাবেক এই ক্রিকেটারের জন্ম ১৯৮৫ সালের ২৬ মার্চ আজকের এই দিনে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।
Previous
Next Post »