ফাস্ট, ফিউরিয়াস, ড্যাশিং - শেন বন্ড

ফাস্ট, ফিউরিয়াস, ড্যাশিং- এককথায় শেন বন্ডের বর্ণনা দিতে এই তিনটি বিশেষণই যথেষ্ট। রূপালি পর্দায় জেমস বন্ড যেভাবে কৌশলে তার শত্রুদের ধরাশায়ী করেন, ক্রিকেট মাঠে শেন বন্ড ঠিক সেভাবেই আগুনঝরা ফাস্ট বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কুপোকাত করতেন। স্পেশাল এজেন্ট বন্ডের মারদাঙ্গা সিনেমার মতই অ্যাকশনে ভরপুর ছিল কিউই স্পিডস্টার বন্ডের ক্যারিয়ার। কিন্তু তার ক্যারিয়ারের সফলতায় বাধা হয়ে দাঁড়িয়েছিল ঘাতক 'ইনজুরি'। ইনজুরি বাধায় ক্যারিয়ারে বার বার ছন্দপতন না ঘটলে হয়ত ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন হতেন তিনি।

বন্ড ছিলেন সত্যিকার অর্থেই একজন বিশ্বমানের ফাস্ট বোলার, একজন জাত উইকেটশিকারি। তাঁর আক্রমণাত্মক শরীরী ভাষা ও হার না মানা লড়াকু মানসিকতা তাকে সবসময় প্রতিপক্ষের চেয়ে এক ধাপ এগিয়ে রাখত। যেকোন উইকেটে গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরাতে পারতেন বন্ড। ক্যারিয়ারের শুরু থেকেই ঘন্টায় ১৪৫ কিমি গতিতে নিয়মিত বোলিং করতেন তিনি। ২০০১-০২ মৌসুমে তিনি প্রথমবারের মত ঘন্টায় ১৫০ কিমির চেয়ে বেশি গতিতে বল করার রেকর্ড করেছিলেন। তার সবচাইতে বেশি গতির ডেলিভারিটি ছিল ২০০৩ ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে ঘন্টায় ১৫৬.৪ কিমি।

বন্ডের শুধু দুরন্ত গতিই ছিল না, গতির সাথে ছিল দারুণ অ্যাকুরেসি ও কন্ট্রোল। অধিকাংশ ফাস্ট বোলারদের যেটা ছিল না কিন্তু বন্ডের ছিল, তা হল যেকোন কন্ডিশনে একই লাইন লেংথে ক্রমাগত বোলিং করে যাবার ক্ষমতা। এ কারণে তিনি সব ধরনের ক্রিকেটেই প্রায় সমপরিমাণ সফলতা পেয়েছিলেন। তাঁর নিয়ন্ত্রিত লাইন লেংথের জন্য কখনও কখনও তাকে ম্যাকগ্রার সাথে তুলনা করা হত।

বোলিংয়ের সময় খুব একটা লম্বা রানআপ নিতেন না বন্ড। তার বোলিং অ্যাকশনটাও ছিল দারুণ সাবলীল ও চমৎকার অ্যাথলেটিক। অধিকাংশ সময় ঘন্টায় ১৫০ কিমি গতির আশেপাশে বোলিং করা বন্ড দুদিকেই সমানভাবে বল সুইং করাতে পারতেন। তবে তাঁর বলে ইনসুইংটা ছিল ন্যাচারাল। পুরোনো বলে রিভার্স সুইংয়েও পারদর্শী ছিলেন তিনি। এক্সপ্রেস গতির সাথে যখন লেট সুইং যোগ হত তখন বন্ড ছিলেন রীতিমতো 'আনপ্লেয়েবল'!

কন্ডিশন যেমনই হোক, পাঁজর বরাবর দ্রুতগতির বাউন্সার দিয়ে ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছিলেন তিনি। বন্ডের বোলিংয়ের সেরা অস্ত্র দুরন্ত গতির 'টো ক্রাশিং' ইয়র্কারে স্ট্যাম্প উপড়ে ফেলাটা ছিল ক্রিকেট মাঠের নিয়মিত দৃশ্য। তাঁর লেট ইনসুইং করে ভেতরে ঢোকা ইয়র্কারগুলো যেসব ব্যাটসম্যান ফেস করেছেন একমাত্র তারাই বুঝেছেন কতটা বিপজ্জনক ও ভয়ংকর ছিল সেগুলো।

ফর্মের তুঙ্গে থাকা বন্ড বিশ্বের যেকোন ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিতে সক্ষম ছিলেন। বন্ডের মত এভাবে ব্যাটসম্যানদের ডমিনেট করতে খুব কম বোলারকেই দেখেছি।

বন্ডকে বলা হত 'বিগ ম্যাচ প্লেয়ার' কেননা বড় দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বন্ড একটু বেশিই ভাল খেলতেন। বন্ড সবসময় তার সেরাটা জমিয়ে রাখতেন কিউইদের চেনা শত্রু অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য। ওয়ানডেতে অসিদের বিপক্ষে মাত্র ১৫.৭৯ গড়ে নিয়েছেন ৪৪ উইকেট! ৫ উইকেট আছে ৩ বার! বন্ডের প্রিয় প্রতিপক্ষ যে অস্ট্রেলিয়া এতে কোনরূপ সন্দেহ নেই। একটা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংকে টানা ৬ বার আউট করে নিজের প্রিয় শিকার অর্থাৎ 'বানি'তে পরিণত করেছিলেন বন্ড।

ক্যারিয়ার ছোট হলেও টেস্ট-ওয়ানডে দুই ফরম্যাটেই দারুণ সফল ছিলেন 'ইনজুরিপ্রবণ' এই ফাস্ট বোলার। পুরো ক্যারিয়ার জুড়েই বন্ড ছিলেন অবিশ্বাস্য রকমের ধারাবাহিক। ২০০১-০২ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকে ৯ বছরে মাত্র ১৮ টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন তিনি। যেটা তার মত ক্যালিবারের বোলারের জন্য একই সাথে দুর্ভাগ্য এবং হতাশাজনক। ১৮ টেস্টে ৩২ ইনিংসে মাত্র ২২.০৯ গড়ে ৩৮.৭ স্ট্রাইক রেটে তাঁর উইকেটসংখ্যা ৮৭ টি। টেস্ট ইতিহাসে ন্যুনতম ২৫০০ বল করা বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটটাও তাঁর।

ওয়ানডে ফরম্যাটে তাঁর সাফল্যের পাল্লা আরো ভারি। ৮২ ওয়ানডেতে ৮০ ইনিংসে বল করে মাত্র ২০.৮৮ গড়ে ২৯.২ স্ট্রাইক রেটে তাঁর শিকার ১৪৭ উইকেট। কমপক্ষে ১০০০ বল করেছেন এমন বোলারদের মধ্যে ১০ম সেরা স্ট্রাইক রেট তাঁর। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের (৫৪ ম্যাচ) রেকর্ডটিও বন্ডের দখলে।

বন্ডের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায় ২০০১-০২ সিজনে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্ট 'ভিবি সিরিজ'কে। গোটা সিরিজ জুড়েই অসাধারণ বোলিং করা বন্ড ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা।

২০০৩ বিশ্বকাপ ছিল বন্ডের ক্যারিয়ারের স্মরণীয় ও উজ্জ্বলতম অধ্যায়। পুরো টুর্নামেন্টেই তিনি ছিলেন দারুণ ধারাবাহিক। ৮ ম্যাচে মাত্র ১৭.৯৪ গড়ে ২৭.৫ স্ট্রাইক রেটে ১৭টি উইকেট নিয়ে টুর্নামেন্টের ৫ম সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন বন্ড। এছাড়া ২০০৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার পেছনেও 'উইকেটশিকারি' বোলার হিসেবে বন্ডের ভূমিকা ছিল অনস্বীকার্য।

২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ মিলিয়ে ১৬ ম্যাচে মাত্র ১৭.২৩ গড়ে বন্ডের শিকার ৩০টি উইকেট। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বিশ্বকাপে বন্ডের ইকোনমি রেট মাত্র ৩.৫১! যা একজন ফাস্ট বোলারের জন্য রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার!

২০০৫ সালে জিম্বাবুয়ের বুলাওয়েতে ভারতের বিপক্ষে একটি ওয়ানডেতে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন বন্ড যা ছিল তাঁর ক্যারিয়ারেরর সেরা বোলিং। বিধ্বংসী এক স্পেলে একে একে রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, মোহাম্মদ কাইফ, বেণুগোপাল রাও এবং বীরেন্দর শেবাগকে আউট করে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে বলতে গেলে একাই ধসিয়ে দিয়েছিলেন বন্ড। কিউই পেসারদের বোলিং তোপে একটা সময় ভারতের স্কোর দাঁড়িয়েছিল ৪৪/৮!

এছাড়া ওয়ানডেতে বন্ডের আরো বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স রয়েছে। সেগুলোর মধ্যে ২০০২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫/২৫, ২০০৩ বিশ্বকাপে পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৬/২৩ এবং ২০০৭ সালে ওয়েলিংটনে আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৫/২৩ এই কয়েকটির কথা না বললেই নয়।

বন্ডের ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিকটি এসেছিল ২০০৭ সালে হোবার্টের বেলেরিভ ওভালে। প্রতিপক্ষ ছিল আবারও সেই অস্ট্রেলিয়া!

২০০৮ সালে নিষিদ্ধ টি২০ লীগ আইসিএলে যোগ দেয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে বন্ডের কেন্দ্রীয় চুক্তি বাতিল হয়ে যায়। ফলে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।

২০০৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজে শেষবারের মত জাতীয় দলে ডাক পান বন্ড। সেই সিরিজেই বন্ড তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন। ডানেডিনে অনুষ্ঠিত সেই টেস্টের প্রথম ইনিংসে ১০৭ রানে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৩ উইকেট নিয়ে 'ম্যান অফ দ্য ম্যাচ' হয়েছিলেন বন্ড।

ওই বছরেরই ডিসেম্বরে মাত্র ৩৪ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি। টেস্ট ছাড়লেও আরো কিছুদিন ওয়ানডে ও টি২০ চালিয়ে যেতে চেয়েছিলেন যদিও ইনজুরির কারণে সেটা সম্ভব হয়নি। ২০১০ সালের ১৩ মে এক রকম বাধ্য হয়েই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন বন্ড।

শেন বন্ড ছিলেন আমার দেখা সবচেয়ে ভয়ংকর, দ্রুতগতিসম্পন্ন ও বিস্ফোরক ফাস্ট বোলারদের একজন। ছন্দে থাকা বন্ড পৃথিবীর যেকোন ব্যাটসম্যানের জন্য নিঃসন্দেহে এক মূর্তিমান আতংকের নাম। ম্যাথু হেইডেনের মত কেউ যখন তাঁর প্রচন্ড গতির 'টো ক্রাশিং' ইয়র্কারের হাত থেকে পা বাঁচাতে বুটের ওপর 'টো-গার্ড' লাগিয়ে খেলতে নামেন তখন নিশ্চয়ই এটা বুঝতে আর বাকি থাকে না যে ব্যাটসম্যানদের মনে ঠিক কতটা ভীতির সঞ্চার করেছিলেন বন্ড।

"For New Zealand, he was their new Richard Hadlee. For the world, he was Bond. Shane Bond."


Previous
Next Post »