ক্রিকেটে মজার একটা টার্ম আছে 'বানি’। যে
ব্যাটসম্যান বারবার একই বোলারের হাতে আউট হন,
তাঁকে
বলা হয় ওই বোলারের 'বানি'। তো অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের
আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় ‘বানি’ কে ছিল জানেন? দক্ষিণ আফ্রিকার সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান ড্যারিল
কালিনান! টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই শেন ওয়ার্নের নিয়মিত শিকার ছিলেন এই
প্রোটিয়া ডানহাতি ব্যাটসম্যান। একবার কিংবা দুবার নয়, ক্যারিয়ারে মোট ১২ বার ওয়ার্নের ঘূর্ণিতে আউট হয়েছেন
কালিনান!
ক্যারিয়ারজুড়ে প্রায় সব আন্তর্জাতিক দলের বিরুদ্ধে ভাল পারফর্ম করলেও
অস্ট্রেলিয়ার বিপক্ষেই তাঁর ব্যাটিং গড় ছিল রীতিমত ভয়াবহ! টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে
মাত্র ১২.৭৫! এই লজ্জাজনক রেকর্ডের পেছনে সবচেয়ে বড় অবদান যে শেন ওয়ার্নের তা আর
বলার অপেক্ষা রাখে না!
ডানহাতি ব্যাটসম্যান কালিনান বরাবরই লেগ স্পিনে একটু দুর্বল ছিলেন৷
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার একটি টেস্ট ম্যাচের ঘটনা। মাত্রই ক্রিজে
নামা কালিনানকে দেখামাত্র ওয়ার্ন বলে উঠেছিলেন, ‘শুধুমাত্র তোমাকে আউট করার জন্যই আমি গত দুই বছর ধরে অপেক্ষা করছি'। ওয়ার্নের স্লেজিংয়ের প্রত্যুত্তরে কালিনানের তৎক্ষণাৎ জবাব, ‘‘মনে হচ্ছে এই পুরো সময়টা তুমি কেবল খেয়েই পার
করেছ৷' বোঝাই যাচ্ছে, কালিনানের ইঙ্গিতটা ছিল ওয়ার্নের মুটিয়ে যাওয়া নাদুসনুদুস
শরীরের দিকে!
ওয়ানডেতে একবার ক্রিকেটের বিরলতম ও অদ্ভুত আইন 'হ্যান্ডলড দ্য বল' আউটের শিকার
হয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বাঁহাতি স্পিনার
কিথ আর্থারটনের একটি টার্নিং ডেলিভারিতে পুশ করেছিলেন কালিনান। বলটি কিছুটা
এক্সট্রা বাউন্স করায় ঠিকমত খেলতে পারেন নি তিনি। ব্যাটের কানায় লেগে বলটি উপরে
উঠে গেলে ফিল্ডার ক্যাচ নেবার আগেই নিজের হাত দিয়ে বলটি ধরে ফেলেন ড্যারিল
কালিনান! 'হ্যান্ডলড দ্য বল' এর নিয়ম অনুযায়ী আম্পায়ারও বাধ্য হয়েছিলেন আঙুল তুলতে!
স্টাইলিশ, এলিগ্যান্ট ও
ন্যাচারাল স্ট্রোকপ্লেয়িং এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে তাঁর প্রজন্মের
অন্যতম সেরা ব্যাটিং প্রতিভা হিসেবে বিবেচনা করা হত। ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর
ব্যাটিং টেকনিক ও ক্রিকেটের প্রায় সব ধরনের শট খেলায় তুমুল পারদর্শিতা দেখে অনেকে
তাঁকে প্রোটিয়া কিংবদন্তী গ্রায়েম পোলকের উত্তরসূরি হিসেবেও ভাবতে আরম্ভ করেছিলেন।
টেস্ট এবং ওয়ানডে উভয় ফরম্যাটেই কালিনান যে একজন বিশ্বমানের ব্যাটসম্যান ছিলেন এ
ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে তাঁর ক্যারিয়ার পরিসংখ্যান দেখলেই বুঝা যাবে, যে তিনি তাঁর প্রতিভা ও সামর্থ্যের প্রতি তেমন একটা সুবিচার
করতে পারেন নি। যোগ্যতর ব্যাটসম্যান হিসেবে নিঃসন্দেহে আরও সমৃদ্ধ হতে পারত তাঁর
ক্যারিয়ার স্ট্যাটস।
সর্বকনিষ্ঠ প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে মাত্র ১৬ বছর বয়সেই ফার্স্ট ক্লাস
সেঞ্চুরি করা কালিনান ছিলেন নব্বই দশকের সাউথ আফ্রিকান জাতীয় ক্রিকেট দলের একজন
অপরিহার্য সদস্য। ৭০ টেস্টে ৪৪.২১ গড়ে তাঁর সংগ্রহ ৪৫৫৪ রান। আছে ১৪টি সেঞ্চুরি আর
২১টি ফিফটি। ক্যারিয়ার সেরা ইনিংস অপরাজিত ২৭৫ রান, ১৯৯৯ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে।
প্রোটিয়াদের হয়ে দুটি বিশ্বকাপে অংশ নেয়া এই সাবেক ডানহাতি মিডল অর্ডার
ব্যাটসম্যান ক্যারিয়ারে ওয়ানডে খেলেছেন ১৩৮টি। সেখানে ৩ সেঞ্চুরি ও ২৩ ফিফটিসহ
৩৩.০ গড়ে রান করেছেন ৩৮৬০। সর্বোচ্চ স্কোর ১২৩।
১৯৬৭ সালের ৪ মার্চ দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের কিম্বার্লিতে জন্মগ্রহণ করেন
ড্যারিল কালিনান। আজ তাঁর জীবনের ইনিংসের অর্ধশতক পূরণ করলেন তিনি।
ConversionConversion EmoticonEmoticon