টি টুয়েন্টি ক্রিকেটের আগ্রাসনের এই যুগে ব্যাটসম্যানদের আধিপত্য যেন বেড়েই
চলেছে দিনের পর দিন। এই তো মাত্র কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড
ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৪৪৪ রানের রেকর্ড গড়ল আর টি-টুয়েন্টি ফরম্যাটে শ্রীলংকার
বিরুদ্ধে অস্ট্রেলিয়া করল সর্বোচ্চ ২৬৩ রানের বিশ্বরেকর্ড।
ওভার প্রতি রান তোলার হারও দিনকে দিন বেড়ে চলেছে। এক ওভারে ১৫-২০ রান তোলাও
এখন মামুলি ব্যাপার হয়ে দাঁডিয়েছে। তারপরেও কিন্তু এক ওভারে ছয় ছক্কা মারার ঘটনা
খুব বেশি দেখা যায় না। আন্তর্জাতিক টি২০ তে যুবরাজ সিং আর ওয়ানডেতে হার্শেল গিবসের
এক ওভারে ছয় ছক্কার রেকর্ডের কথা তো আমরা সবাই জানি। কিন্তু একবার ভাবুন তো আজ
থেকে প্রায় ৫০ বছর আগের কথা। তখনও সীমিত ওভারের ক্রিকেটের প্রচলন হয় নি। সেইযুগে
টানা ছয় বলে ছয় ছক্কা মারার চিন্তাটা ছিল অবাস্তব কল্পনামাত্র। সেই 'অবাস্তব' ভাবনাটাই বাস্তবে
কাজে করে দেখিয়েছিলেন ক্রিকেট ইতিহাসের অবিসংবাদিত সেরা অলরাউন্ডার ক্যারিবিয়ান
কিংবদন্তী স্যার গারফিল্ড সোবার্স। এক ওভারে ছয়টি ছক্কাও যে মারা সম্ভব সেটি তাঁর
বদৌলতেই প্রথমবারের মত দেখেছিল ক্রিকেট বিশ্ব।
স্যার গ্যারি সোবার্সের ছয় ছক্কার গল্প
১৯৬৮ সালের ৩১ আগস্ট। নটিংহ্যামের সাথে গ্ল্যামারগনের মধ্যকার ইংলিশ কাউন্টির
তিনদিনের ম্যাচের প্রথম দিন। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নটিংহ্যামশায়ারের রান তখন ৫
উইকেটে ৩০৮। নটিংহ্যামশায়ারের অধিনায়ক স্যার গারফিল্ড সোবার্স খেলছিলেন বেশ হাত
খুলে। সোবার্সের লক্ষ্য ছিল দ্রুত কিছু রান তুলে ইনিংস ডিক্লেয়ার করা। আর সেটা
করতে গিয়েই তিনি সৃষ্টি করলেন এক নতুন ইতিহাস। ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রথম
ব্যাটসম্যান হিসেবে এক ওভারে টানা ৬ বলে ৬ ছক্কা মারার কীর্তি গড়ে সোবার্স ঢুকে
গেলেন রেকর্ডবুকে।
ইতিহাসের এই অমর কীর্তিটির 'শিকার' বা 'ভিক্টিম' হয়েছিলেন ২৩ বছর বয়সী বোলার ম্যালকম ন্যাশ যাঁর উপর দিয়ে
সেদিন রীতিমত তাণ্ডবলীলা চালিয়েছিলেন সোবার্স। অথচ গ্ল্যামারগনের হয়ে ৪ উইকেট নিয়ে
সেদিন বোলারদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে সফল। এই ন্যাশ ছিলেন আসলে একজন বাঁহাতি
পেসার। তবে ওই সময় আক্রমণে এসে তিনি কী মনে করে মিডিয়াম পেস ছেড়ে করতে আরম্ভ করলেন
বাঁহাতি স্পিন! তাঁর করা ওভারের ছয়টি ডেলিভারিকেই একে একে সীমানার বাইরে উড়িয়ে
মেরেছিলেন সোবার্স। যার মধ্যে একটি বাদে বাকি সবগুলো শটই ছিল একদম নিখুঁত টাইমিং
যাকে বলে 'ক্লিন হিট'।
প্রথম দুটি ছয় মেরেছিলেন মিড উইকেট দিয়ে। প্রথমটি পাঠিয়েছিলেন মাঠের বাইরে আর
দ্বিতীয়টি আছড়ে ফেলেছিলেন গ্যালারিতে। তৃতীয় ছয়টি মেরেছিলেন সোজা লং অফের মাথার
উপর দিয়ে আর চতুর্থটির গন্তব্য ছিল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ। এরপর পঞ্চম বলটিতে
ছক্কা হাঁকাতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেললেন সোবার্স! লং অফ বাউন্ডারিতে থাকা
ফিল্ডার রজার ডেভিস পেছন দিকে ঝাঁপিয়ে ক্যাচ লুফে নিয়েছিলেন বটে তবে বল হাতে ধরা
অবস্থাতেই পড়ে গেলেন সীমানার ওপারে! যার ফলাফল আরো একটি ছক্কা!
শেষ বলটি করার আগে বিপক্ষ দলের অধিনায়ক সব ফিল্ডারকে পাঠিয়েছিলেন বাউন্ডারিতে।
তার মধ্যে বেশিরভাগই ছিল লেগ সাইডে। সোবার্স ধারণা করছিলেন বোলার হয়ত খানিকটা
জোরের উপর বল করবেন। তাঁর ধারণা সঠিক ছিল। তবে বলটি ছিল কিছুটা খাটো লেংথের।
খানিকটা ব্যাকফুটে গিয়ে মিড উইকেটের মাথার উপর দিয়ে সজোরে তুলে মারলেন সোবার্স। বল
চলে গেল সীমানা ছাড়িয়ে স্টেডিয়াম পেরিয়ে একেবারে সোজা রাস্তায়!
মজার ব্যাপার হল, ওইদিন আর বলটি
খুঁজে পাওয়া সম্ভব হয় নি। শোনা যায়,
পরদিন
সেখানকার স্থানীয় এক স্কুলছাত্র নাকি বলটি ফেরত দিয়েছিল। ছক্কাটি এতই বড় ছিল যে
শটটা দেখে কেউ একজন মন্তব্য করে বসেছিলেন,
“ওটা
ছয় না, ওটা ছিল বারো।”
ম্যালকম ন্যাশ ঐ ওভার সম্পর্কে পরে বলেছিলেন, “I was just part of the history and there was nothing I could
do. I could have bowled wide to try to stop him from scoring but that wasn't what
I was all about. It was just one over in my life. Would I take it back? Never.
I just wish I got paid for it. It would have made me rich.”
ConversionConversion EmoticonEmoticon