ক্রিকেটের অজানা ফ্যাক্টসমগ্র - পর্ব ৩০
১.
ইনিংস
ওপেন করতে নেমে কোন ব্যাটসম্যান যদি পুরো ইনিংস শেষ হওয়া পর্যন্ত অপরাজিত থাকেন তাহলে
বলা হয় যে তিনি ‘ক্যারি দ্য ব্যাট থ্রু আ কম্পলিটেড ইনিংস’ বা সংক্ষেপে 'ক্যারি দ্য ব্যাট'
করেছেন। এক্ষেত্রে শর্ত হল, তাঁর দলের ১০টি উইকেটেরই পতন হতে হবে অর্থাৎ অলআউট হতে
হবে। তবে কোন খেলোয়াড় যদি অসুস্থতা বা ইঞ্জুরিজনিত কারণে শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে
নামতে অপারগতা প্রকাশ করে অথবা ব্যাটিংয়ে নামা ব্যাটসম্যানদের মধ্যে কেউ যদি 'রিটায়ার্ড
হার্ট' অবস্থায় থাকেন সেক্ষেত্রেও আদ্যন্ত ব্যাটিং করা ইনিংসটি 'ক্যারি দ্য ব্যাট'
হিসেবে প্রযোজ্য হবে।
১৪০
বছরের টেস্ট ইতিহাসে 'ক্যারি দ্য ব্যাট' এর ঘটনা ঘটেছে মোট ৫১ বার! ওয়ানডে ও টি২০ ক্রিকেটে
অবশ্য এই রেকর্ড খুবই বিরল। ৪০ বছরের ওয়ানডে ইতিহাসে এই ঘটনা ঘটেছে মাত্র ১০ বার এবং
১২ বছরের টি২০ ইতিহাসে সংখ্যাটা মাত্র ১!
ক্যারি দ্য ব্যাট থ্রু আ কম্পলিটেড ইনিংস
২.
ক্রিকেট
ইতিহাসে সর্বপ্রথম এই ঘটনা ঘটে ১৮৮৯ সালের ২৫শে মার্চ। কেপটাউন টেস্টে ইংল্যান্ডের
বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা সেদিন অলআউট হয় মাত্র ৪৭ রানে!
প্রোটিয়া ওপেনার বার্নার্ড ট্যানক্রেড অপরাজিত ছিলেন ২৬ রানে!
টেস্টে
সর্বশেষ এই কীর্তিটি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। ২০১৬ সালের ১লা
নভেম্বর শারজা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১৪২ রানে অপরাজিত ছিলেন তিনি।
৩.
বার্নার্ড
ট্যানক্রেড পুরো ইনিংস ব্যাট করেও করতে পেরেছিলেন মাত্র ২৬ রান! টেস্ট ক্রিকেটে ব্যাট
ক্যারি করা ইনিংসগুলোর মধ্যে এখনও পর্যন্ত এটাই সর্বনিম্ন ইনিংস! মজার ব্যাপার হল,
পুরো ইনিংস ব্যাট ক্যারি করার পরেও একটা হাফ সেঞ্চুরি পাননি এমন দুর্ভাগা ব্যাটসম্যান
শুধু ট্যানক্রেড একা নন! উনি ছাড়াও আরও ৫ জন ব্যাটসম্যানের রয়েছে এমন কীর্তি!
৪.
পুরো
ইনিংস ব্যাট করে সর্বোচ্চ রানের কীর্তিটি নিউজিল্যান্ডের গ্লেন টার্নারের। ১৯৭২ সালে
কিংস্টনের স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলীয় সংগ্রহ ৩৮৬ রানের মধ্যে টার্নার
একাই করেছিলেন অপরাজিত ২২৩ রান!
৫.
টেস্ট
ক্রিকেটে দুই বা তার অধিক ইনিংসে 'ক্যারি দ্য ব্যাট' এর কীর্তি গড়েছেন ৫ জন ব্যাটসম্যান।
তাঁরা হলেন যথাক্রমে-
★ ২ বার - গ্লেন টার্নার (নিউজিল্যান্ড)
★ ২ বার - বিল উডফুল (অস্ট্রেলিয়া)
★ ২ বার - লেন হাটন (ইংল্যান্ড)
★ ২ বার - বিল লরি (অস্ট্রেলিয়া)
★ ৩ বার - ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট
ইন্ডিজ)
৬.
টেস্ট
ইতিহাসে 'ক্যারি দ্য ব্যাট' এর তালিকায় থাকা ৫১টি ইনিংসের মাঝে সবচেয়ে দুর্ভাগ্যজনক
মানতে হবে ইংলিশ ব্যাটসম্যান জিওফ্রে বয়কটকেই। ১৯৭৯ সালে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার
বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অলআউট হয় ২১৫ রানে। সঙ্গীর অভাবে
বয়কটকে সেদিন মাঠ ছাড়তে হয়েছিল অপরাজিত ৯৯ রানে!
৭.
একদিনের
আন্তর্জাতিক ম্যাচে সর্বপ্রথম এই কীর্তিটি গড়েন জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ার। ১৯৯৪
সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ওপেন করতে নেমে দলীয় সংগ্রহ ২০৫ রানের মধ্যে ফ্লাওয়ার
করেছিলেন অপরাজিত ৮৪ রান!
ওয়ানডেতে
সর্বশেষ এই কীর্তিটি গড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার টম ল্যাথাম। ২০১৬ সালে ধর্মশালায়
ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড অলআউট হয় ১৯০ রানে। ইনিংসের আদ্যন্ত ব্যাট করে ল্যাথাম
অপরাজিত থাকেন ৭৯ রানে।
৮.
আন্তর্জাতিক
টি টোয়েন্টিতে ক্যারি দ্য ব্যাটের একমাত্র রেকর্ডটি ক্রিস গেইলের। ২০০৯ সালে ইংল্যান্ডের
ওভালে অনুষ্ঠিত টি২০ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ
মাত্র ১০১ রানে অলআউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রেখে গেইল অপরাজিত ছিলেন ৬৩ রানে!
৯.
ক্রিস
গেইলের শুধু টি২০ নয়, টেস্টেও ক্যারি দ্য ব্যাটের রেকর্ড আছে। ফলে তিনি টেস্ট ও টি-টোয়েন্টিতে
ব্যাট ক্যারি করার অনন্য এক রেকর্ডের মালিক।
গেইল
ছাড়াও আরও ৪ জন ব্যাটসম্যানের ক্রিকেটের দুটি আলাদা ফরম্যাটে 'ক্যারি দ্য ব্যাট' এর
কীর্তি রয়েছে। টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটেই যাঁদের 'ক্যারি দ্য ব্যাট' এর কৃতিত্ব
রয়েছে তাঁরা হলেন যথাক্রমে-
★ গ্র্যান্ট ফ্লাওয়ার (জিম্বাবুয়ে)
★ সাঈদ আনোয়ার (পাকিস্তান)
★ অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড)
★ জাভেদ ওমর বেলিম (বাংলাদেশ)
১০.
জিম্বাবুয়ের
বিপক্ষে ২০০১ সালের ৮ই এপ্রিল ওয়ানডেতে ওপেন করতে নেমে ব্যাট ক্যারি করেছিলেন জাভেদ
ওমর। সেই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১০১ রানের মধ্যে জাভেদের ব্যাট থেকে আসে অপরাজিত
৩৩ রান! ওয়ানডেতে 'ক্যারি দ্য ব্যাট' এর তালিকায় থাকা ইনিংসগুলোর মধ্যে এটাই এখন পর্যন্ত
সর্বনিম্ন রানের রেকর্ড।
২০০১
সালের ২২ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট
হয়েছিল মাত্র ১৬৮ রানে! ইনিংসের আদ্যন্ত ব্যাট করা জাভেদের ব্যাট থেকে এসেছিল অপরাজিত
৮৫ রান। মজার ব্যাপার হল, ওটাই ছিল তাঁর অভিষেক টেস্ট!
ConversionConversion EmoticonEmoticon