বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের নায়ক এনামুল হক জুনিয়রের যত রেকর্ড

ক্রিকেটের অজানা ফ্যাক্টসমগ্র- পর্ব ৫০


# সাকিব, মিরাজ, তাইজুল, মুস্তাফিজদের কল্যাণে আন্তর্জাতিক বোলিং রেকর্ডসমূহের বেশ কিছু জায়গাতেই জ্বলজ্বল করছে বাংলাদেশি বোলারদের নাম। তবে শুরুটা কিন্তু এদের কারো হাত ধরেই নয়। শুরুটা হয়েছিল বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের নায়ক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের হাত ধরে। প্রায় এক যুগ আগে এমন দুটো অসাধারণ রেকর্ড করেছিলেন এনামুল, যা টিকে আছে আজও। হয়তো টিকে থাকবে আরও বহুবছর!



বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের নায়ক এনামুল হক জুনিয়রের যত রেকর্ড


১.
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা বোলারদের একজন মানা হয় 'সুলতান অব সুইং' খ্যাত ওয়াসিম আকরামকে। বাঁহাতি বোলারদের মধ্যে তো সেরাই মানা হয় তাকে। সেই ওয়াসিম আকরামকে যেকোন রেকর্ডে ছাপিয়ে যাওয়া তো যেকোন বোলারের জন্যই অত্যন্ত গর্বের বিষয়। তেমনি এক রেকর্ডের গর্বিত অধিকারী হলেন বাংলাদেশের এনামুল হক জুনিয়র। টেস্ট ইতিহাসের কনিষ্ঠতম বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট অর্জনের পথে তিনি ভেঙেছিলেন কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ড!

২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ের পর ঢাকায় দ্বিতীয় টেস্ট ড্র করলেই সিরিজ জয় নিশ্চিত। এমন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়েই ক্যারিয়ারের সেরা বোলিংটা করেছিলেন এনামুল হক জুনিয়র। টস জিতে ব্যাটিং করতে নেমে এনামুলের ঘূর্ণিজাদুতে মাত্র ২৯৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এনামুল একাই নিয়েছিলেন ৭ উইকেট! প্রথম ইনিংস শেষে তাঁর বোলিং ফিগার ছিল এরকম ৩৬-৯-৯৫-৭!

ক্যারিয়ারে প্রথমবারের মত ১০ উইকেট পেতে ২য় ইনিংসে এনামুলের দরকার ছিল ৩ উইকেট। তবে এনামুল ৩ উইকেটেই সন্তুষ্ট থাকলেন না। আবারো নিলেন ৫ উইকেট! ম্যাচে এনামুলের বোলিং ফিগারটা ছিল অসাধারণ ৭৩-১৭-২০০-১২! এনামুলের এমন অসাধারণ পারফরমেন্সের কারণেই ঢাকা টেস্ট অনায়াসে ড্র করতে পেরেছিল বাংলাদেশ। জিতেছিল নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট সিরিজ।

আর এই দুর্দান্ত বোলিং পারফরমেন্স দিয়েই কিংবদন্তী ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যান এনামুল। ১৯৮৫ সালে ডানেডিন টেস্টে কিউইদের বিপক্ষে আকরাম যেদিন ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন সেদিন তাঁর বয়স ছিল ১৮ বছর ২৫১ দিন। আর এনামুলের ১০ উইকেট প্রাপ্তির দিন বয়স ছিল ১৮ বছর ৪০ দিন।

# সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টেস্টে ১০ উইকেট পেয়েছেন যারা:

১. এনামুল হক জুনিয়র (বাংলাদেশ)
★ ম্যাচ ফিগার: ১২/২০০
★ বয়স: ১৮ বছর ৪০ দিন
★ প্রতিপক্ষ: জিম্বাবুয়ে
★ ভেন্যু: ঢাকা
★ সাল/তারিখ: ১৪/০১/২০০৫

২. ওয়াসিম আকরাম (পাকিস্তান)
★ ম্যাচ ফিগার: ১০/১২৮
★ বয়স: ১৮ বছর ২৫১ দিন
★ প্রতিপক্ষ: নিউজিল্যান্ড
★ ভেন্যু: ডানেডিন
★ সাল/তারিখ: ০৯/০২/১৯৮৫

৩. লক্ষণ শিবরামকৃষ্ণ (ভারত)
★ ম্যাচ ফিগার: ১২/১৮১
★ বয়স: ১৮ বছর ৩৩৩ দিন
★ প্রতিপক্ষ: ইংল্যান্ড
★ ভেন্যু: মুম্বাই
★ সাল/তারিখ: ২৮/১১/১৯৮৪

৪. ওয়াকার ইউনিস (পাকিস্তান)
★ ম্যাচ ফিগার: ১০/১০৬
★ বয়স: ১৮ বছর ৩৩৬ দিন
★ প্রতিপক্ষ: নিউজিল্যান্ড
★ ভেন্যু: লাহোর
★ সাল/তারিখ: ১৮/১০/১৯৯০

৫. নরেন্দ্র হিরওয়ানি (ভারত)
★ ম্যাচ ফিগার: ১৬/১৩৬
★ বয়স: ১৯ বছর ৮৫ দিন
★ প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ
★ ভেন্যু: চেন্নাই
★ সাল/তারিখ: ১১/০১/১৯৮৮

২.
ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা যেন স্বপ্নের মতো কেটেছিল এনামুলের। ঢাকা টেস্টে তো বিশ্বরেকর্ড করেছিলেনই; চট্টগ্রামে ঠিক তার আগের টেস্টেই করে এসেছেন আরও একটি রেকর্ড। কনিষ্ঠতম বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নেয়ার রেকর্ড! এখানে অবশ্য তালিকার ১ নম্বরে নেই তিনি, আছেন ৩ নম্বরে!

চট্টগ্রাম টেস্টে ১ম ইনিংসে উইকেটশূন্য থাকার পর ২য় ইনিংসে ২২ ওভার বল করে ৪৫ রানে ৬ উইকেট পেয়েছিলেন এনামুল। এই বোলিং ফিগার দিয়েই তালিকার ৩ নম্বরে নিজের নামটি লিখিয়ে ফেলেন তিনি। সেদিন এনামুলের বয়স ছিল ১৮ বছর ৩২ দিন।

তালিকার প্রথম ২টি স্থান দুই পাকিস্তানি বোলারের দখলে। প্রথম স্থানে আছেন পঞ্চাশ ষাটের দশকে পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম প্রধান ভরসা নাসিম-উল-গনি। মূল পরিচয় বাঁহাতি সুইং বোলার হলেও লেফট আর্ম অর্থোডক্স স্পিনও করতে পারতেন তিনি।

১৯৫৮ সালের ১৩ মার্চ দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ খেলতে গিয়ে গায়ানার জর্জটাউনে ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র ১৬ বছর ৩০৩ দিন বয়সে ইনিংসে ৫ উইকেট শিকার করেন তিনি। টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বয়সে ইনিংসে ৫ উইকেট আর কেউই পাননি। সেদিন বাঁহাতি নাসিমের বলে আউট হয়েছিলেন স্যার গ্যারি সোবার্স, রোহান কানহাই, কলি স্মিথ, এভারটন উইকসের মত ব্যাটসম্যানরাও। এরপর পেয়েছিলেন ফাস্ট বোলার রয় গিলক্রিস্টের উইকেটও।

তালিকার ২য় নামটি তুলনামূলকভাবে বেশি পরিচিত, বাঁহাতি ফাস্ট বোলার মোহাম্মদ আমির। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার আগে এই কীর্তি দেখিয়েছিলেন তিনি। ২০০৯ সালের ২৬ ডিসেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন আমির। সেদিন তার বয়স ছিল ১৭ বছর ২৫৭ দিন।

# সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন যারা:

১. নাসিম-উল-গনি (পাকিস্তান)
★ বোলিং ফিগার: ৫/১১৬
★ বয়স: ১৬ বছর ৩০৩ দিন
★ প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ
★ ভেন্যু: জর্জটাউন
★ সাল/তারিখ: ১৩/০৩/১৯৫৮

২. মোহাম্মদ আমির (পাকিস্তান)
★ বোলিং ফিগার: ৫/৭৯
★ বয়স: ১৭ বছর ২৫৭ দিন
★ প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া
★ ভেন্যু: মেলবোর্ন
★ সাল/তারিখ: ২৬/১২/২০০৯

৩. এনামুল হক জুনিয়র (বাংলাদেশ)
★ বোলিং ফিগার: ৬/৪৫
★ বয়স: ১৮ বছর ৩২ দিন
★ প্রতিপক্ষ: জিম্বাবুয়ে
★ ভেন্যু: চট্টগ্রাম
★ সাল/তারিখ: ০৬/০১/২০০৫

৪. ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)
★ বোলিং ফিগার: ৫/৮৪
★ বয়স: ১৮ বছর ৪৬ দিন
★ প্রতিপক্ষ: শ্রীলঙ্কা
★ ভেন্যু: হ্যামিল্টন
★ সাল/তারিখ: ১৪/০৩/১৯৯৭

৫. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
★ বোলিং ফিগার: ৬/৭৯
★ বয়স: ১৮ বছর ১৯৬ দিন
★ প্রতিপক্ষ: সাউথ আফ্রিকা
★ ভেন্যু: জোহানেসবার্গ
★ সাল/তারিখ: ২০/১১/২০১১

Previous
Next Post »