ফিফা বিশ্বকাপে সুইডেনের অর্জন

এবার নিয়ে ১২তম বারের মত বিশ্বকাপ খেলতে যাচ্ছে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলভুক্ত দেশ সুইডেন। বিশ্বকাপ জেতার মত দল হয়ত তারা গড়তে পারে নি কখনই, কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণের দিক থেকে সুইডিশরা যথেষ্ট ধারাবাহিক একটা দল। তাদের ফুটবল ঐতিহ্যটাও বেশ গৌরবময়।

রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ রাউন্ডে সুইডেনের প্রতিপক্ষ ছিল ইতালি। দুই লেগ মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-০ গোলের জয় নিয়ে ১২ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে সুইডেন। আর ১৯৫৮ সালের পর এই প্রথম বিশ্বকাপ আসর থেকে বাদ পড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ইতালি।

১৯৩০ সালে উরুগুয়েতে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী আসরে আমন্ত্রণ পেয়েও খেলতে যায় নি সুইডেন। তবে তারা অংশ নেয় ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপে। আর বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই সুইডিশরা ৩-২ গোলে হারিয়ে দেয় আগের বিশ্বকাপের রানার্সআপ 'পরাক্রমশালী' আর্জেন্টিনাকে।

উল্লেখ্য, ১৯৩৪ এবং ১৯৩৮ বিশ্বকাপ ছিল সরাসরি নকআউট ফরম্যাটে। বিশ্বকাপে অংশ নেয়া ১৬টি দল তাই একে অপরের মুখোমুখি হয়েছিল রাউন্ড অব সিক্সটিনে।

প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে ১-২ গোলে হেরে সুইডিশরা বিদায় নেয় জার্মানির কাছে।

প্রথম আসরে কোয়ার্টার ফাইনালে খেলা সুইডেন ১৯৩৮ সালের ফ্রান্স বিশ্বকাপে উঠে যায় সেমিফাইনালে; অর্জন করে চতুর্থ স্থান। মজার ব্যাপার হল, সেবার অষ্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে না খেলেই জিতে যায় সুইডেন। অস্ট্রিয়া শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয়ায় সুইডেনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং সুইডেন সরাসরি উঠে যায় কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে সুইডেন পায় তাদের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় জয়; ৮-০ গোলে তারা উড়িয়ে দেয় কিউবাকে। সেই ম্যাচে সুইডেনের হয়ে হ্যাট্রিক করেছিলেন গুস্তাভ ওয়াটারস্ট্রম।

মজার ব্যাপার হল, সেই ম্যাচে সুইডেনের পক্ষে তিন গোল করেছিলেন হ্যারি অ্যান্ডারসনও। কিন্তু তার সেই তিন গোল 'হ্যাটট্রিক' হিসেবে কাউন্ট হয় নি। কারণ তখন নিয়ম ছিল, কেবলমাত্র টানা তিন গোল করতে পারলে তবেই হবে হ্যাটট্রিক! তিন গোলের মাঝে নিজ দলের অন্য কোন খেলোয়াড় গোল করলে আর হ্যাটট্রিক হবে না, হকিতে যে নিয়ম এখনও চালু আছে।

সেমিফাইনালে সুইডেনের প্রতিপক্ষ ছিল শক্তিশালী হাঙ্গেরি। ম্যাচটা ১-৫ গোলে হেরে যায় তারা।

তৃতীয় স্থান নির্ধারণী প্লে অফে সুইডেন মুখোমুখি হয়েছিল ব্রাজিলের। কিন্তু এবারও তারা ম্যাচটা হেরে যায় ২-৪ গোলের ব্যবধানে। ফলে শেষ পর্যন্ত চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সুইডিশদের।

১৯৩৮ বিশ্বকাপের 'চতুর্থ' দল সুইডেন ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে পায় আরও বড় সাফল্য; দখল করে তৃতীয় স্থান। তবে তার দুই বছর আগে ১৯৪৮ সালের অলিম্পিক গেমসে ফুটবলে স্বর্ণপদক লাভের গৌরব অর্জন করে দেশটি।

সেবার সুইডেন ছিল গ্রুপ '৩' এ। মজার ব্যাপার হল, এই গ্রুপে খেলার কথা ছিল এশিয়ার একমাত্র দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পাওয়া ভারতের। কিন্তু অদ্ভুত এক দাবি তোলে দেশটি। বুট নয়, খালি পায়ে বিশ্বমঞ্চে খেলার আবদার জানায় তারা! কিন্তু তাদের সে দাবি প্রত্যাখ্যান করে দেয় ফিফা। তাই শেষ মুহূর্তে এসে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় ভারতীয়রা।

উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকা মহাদেশের কোনো প্রতিনিধির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় ব্রাজিল বিশ্বকাপ।

যাই হোক, ভারতকে ছাড়াই শেষ পর্যন্ত তিন দলের গ্রুপে ইতালিকে ৩-২ গোলে হারায় সুইডেন আর ২-২ গোলে ড্র করে প্যারাগুয়ের সাথে।

পরের রাউন্ড ছিল রবিন লীগ। সেখানে প্রথম ম্যাচেই ব্রাজিলের কাছে সুইডেন হারে ১-৭ গোলের বড় ব্যবধানে। এরপর উরুগুয়ের সাথেও তারা হেরে যায় ২-৩ গোলে। তবে শেষ ম্যাচে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জন করে সুইডিশরা।

উল্লেখ্য, ১৯৫০ সালের বিশ্বকাপই ইতিহাসের একমাত্র বিশ্বকাপ, যেখানে ছিল না কোন ফাইনাল! ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল-উরুগুয়ের ম্যাচটা তাই রূপ নিয়েছিল ‘অলিখিত ফাইনালে’। যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে ফেবারিট ব্রাজিলের ড্র করলেই চলতো। কিন্তু ব্রাজিলের ২-১ গোলের হারে রচিত হয় ‘মারাকানা ট্রাজেডি’। দুঃস্বপ্নের ওই হার ব্রাজিলিয়ানদের জন্য হয়ে আছে চিরকালীন এক আক্ষেপের নাম।

টানা তিনটি বিশ্বকাপ খেলা সুইডিশরা ১৯৫৪ সালের বিশ্বকাপের বাছাইপর্বই পেরোতে পারে নি।

১৯৫৮ সালের বিশ্বকাপের স্বাগতিক ছিল সুইডেন। আর সেবারেই দেশটি পায় তাদের বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য। এবার আর তৃতীয় কিংবা চতুর্থ নয়; রানার্সআপ ট্রফি লাভ করে সুইডিশরা।

১৬ দলের আসরে সুইডেন ছিল গ্রুপ '৩' এ। প্রথম দুই ম্যাচেই সুইডেন হারায় মেক্সিকো (৩-০) আর আগের বিশ্বকাপের রানার্সআপ দল হাঙ্গেরিকে (২-১)। পরের ম্যাচে ওয়েলসের সাথে তারা ড্র করে গোলশূন্যভাবে। ফলে গ্রুপের সেরা দল হিসেবেই তারা পা রাখে নকআউট পর্বে।

কোয়ার্টার ফাইনালে সোভিয়েত ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে সেমিতে ওঠে স্বাগতিক সুইডেন। সেমিফাইনালে সুইডেনের প্রাণবন্ত ও আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতে পারে নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানিও; হেরে যায় ১-৩ গোলে। ফলে প্রথমবারের মত বিশ্বকাপ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেয় সুইডেন।

স্টকহোমে অনুষ্ঠিত ফাইনালে সেদিন ৪ মিনিটেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন লিয়েডহম। কিন্তু ভাভার 'জোড়া গোলে' ৩২ মিনিটের মাঝেই লীড নেয় ব্রাজিল। এরপর ৫৫ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন পেলেও। এছাড়া ৬৮ মিনিটে জাগালোর পা থেকে আসে আরো একটি গোল। ৮০ মিনিটে সুইডেনের সিমনসন একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। সেই সাথে ইউরোপের মাটিতে 'প্রথম' আর 'একমাত্র' লাতিন আমেরিকান দল হিসেবে বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ে ব্রাজিল।

নিজেদের দেশে বিশ্বকাপ ইতিহাসে সেরা সাফল্য  পাবার পরে সুইডেনের আরও এগিয়ে যাবার কথা, কিন্তু তা না হয়ে উল্টো পিছিয়ে যেতে থাকে দলটি। ১৯৬২ আর ১৯৬৬ সালের বিশ্বকাপে তাদের জায়গাই হয় নি মূল পর্বে খেলার। ১৯৭০ বিশ্বকাপে সুযোগ পেলেও তাদের ফিরতে হয় গ্রুপ পর্ব থেকেই।

১৯৭৪ সালে অবশ্য দ্বিতীয় রাউন্ডে উঠতে সমর্থ হয় সুইডেন। সেবারে গ্রুপ পর্বে সুইডিশরা ছিল অপরাজিত। প্রথম দুই ম্যাচে গোলশূন্য ড্র করে বুলগেরিয়া আর আসরের চমক হল্যান্ডের সাথে; আর শেষ ম্যাচে ৩-০ গোলে হারায় 'লাতিন পরাশক্তি' উরুগুয়েকে।

দ্বিতীয় রাউন্ড ছিল রবিন লীগ। সেখানে ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে তৃতীয় হয়ে আসর থেকে বিদায় নেয় সুইডেন। প্রথম দুই ম্যাচেই সুইডেন হেরেছিল শক্তিশালী পশ্চিম জার্মানি (২-৪) আর পোল্যান্ডের (০-১) কাছে। তবে শেষ ম্যাচে যুগোস্লোভাকিয়াকে ২-১ হারিয়ে সান্ত্বনাসূচক জয় পায় তারা।

১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপে এসে আবারও ভরাডুবি। বিদায় নিতে হয় প্রথম রাউন্ড থেকেই। ১৯৮২ ও ১৯৮৬ সালের পরবর্তী দুই আসরে খেলার সুযোগ মেলে নি। ১৯৯০ সালের আসরে ফিরলেও তাদের বরণ করে নিতে হয় '৭০ ও '৭৮ বিশ্বকাপের মত একই পরিণতি।

ইতিহাস এবং পরিসংখ্যান বলবে, ১৯৪৮ অলিম্পিকে স্বর্ণপদক আর ১৯৫৮ বিশ্বকাপে রানার্সআপ হওয়াটাই ছিল সুইডিশদের ফুটবল ইতিহাসের সেরা সাফল্য। কিন্তু ১৯৯২ ইউরো আর ১৯৯৪ বিশ্বকাপে 'তৃতীয়' স্থান পাওয়া সুইডেন দলটাকেই মনে করা হয় তাদের ইতিহাসের সেরা দল। বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ ধারাবাহিক ছিল দলটি। সেবার থমাস ব্রোলিন, থমাস র‍্যাভেল্লি, মার্টিন ডাহলিন, কেনেথ অ্যান্ডারসন, হেনরিক লারসন, অ্যান্ডার্স লিম্পারদের চিত্তাকর্ষক ফুটবল আজও দর্শকদের চোখে লেগে আছে।

একঝাঁক প্রতিভাবান ফুটবলারে গড়া সুইডেনের সোনালি প্রজন্মের সেই দলটি '৯৪ আসরে নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে আফ্রিকার 'অদম্য সিংহ' খ্যাত ক্যামেরুনের সাথে। পরের ম্যাচে ৩-১ গোলে হারায় ওলেগ সালেঙ্কোর 'বিপজ্জনক' রাশিয়াকে। এবং শেষ ম্যাচে টুর্নামেন্ট ফেভারিট ব্রাজিলের সাথে ড্র করে ১-১ গোলে।

উল্লেখ্য, সেই আসরেই ক্যামেরুনের বিপক্ষে এক ম্যাচে ৫ গোলের বিশ্বরেকর্ড গড়েছিলেন সালেঙ্কো। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। অথচ রাশিয়া সেবার বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই!

যাই হোক, নক আউট পর্বে সুইডেন ৩-১ গোলে  হারায় সৌদি আরবকে। কোয়ার্টার ফাইনালে সেবারের আসরে দুর্দান্ত খেলা গিওর্গি হ্যাজির রোমানিয়ার বিপক্ষে সুইডেনের দুর্দান্ত ম্যাচটি ১২০ মিনিট পরেও ২-২ গোলে সমতায় থাকে। প্রথমে এগিয়ে গিয়ে আবার পিছিয়ে পড়ে সমতায় ফেরানো ম্যাচটিকে টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচের স্বীকৃতি দিয়ে থাকেন অনেকে।

তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে রোমানিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ হাসিটা হেসেছিল সুইডিশরাই। ফলে ১৯৩৮, ১৯৫০ ও ১৯৫৮ সালের পর আবারও তারা উঠে আসে বিশ্বকাপের শেষ চারে।

সেমিফাইনালে সুইডেনের প্রতিপক্ষ ছিল গ্রুপ পর্বে রুখে দেওয়া 'টুর্নামেন্ট ফেভারিট' ব্রাজিল। কিন্তু এবার আর শেষরক্ষা হল না। রোমারিওর দেয়া ৮০ মিনিটের গোলে আরও একবার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয় সুইডিশদের।

তবে সেমিফাইনালে হারের হতাশা ঝেড়ে ফেলে সুইডিশরা আরও একবার জ্বলে ওঠে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে; ৪-০ গোলে তারা বিধ্বস্ত করে টুর্নামেন্টের 'সারপ্রাইজ প্যাকেজ' বুলগেরিয়াকে।

১৯৯৪ বিশ্বকাপে চমক দেখানো সুইডিশরা অপ্রত্যাশিতভাবে বাদ পড়ে যায় '৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই!

তবে ২০০২ সালের জাপান-কোরিয়া বিশ্বকাপে ফিরে এসে ভালই করে সুইডেন। সেবার গ্রুপ 'এফ'কে বলা হচ্ছিল টুর্নামেন্টের 'গ্রুপ অব ডেথ'। যেখানে সুইডিশদের প্রতিপক্ষ ছিল দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইংল্যান্ড; সাথে আফ্রিকার সুপার ঈগল খ্যাত নাইজেরিয়া। অথচ সবগুলো ম্যাচ শেষে সেই শক্ত গ্রুপেরই শীর্ষস্থানে ছিল সুইডেন। প্রথম ম্যাচে ইংল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করার পর তারা ২-১ গোলে হারায় নাইজেরিয়াকে।  আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার সাথে ড্র করে ১-১ গোলে।

তবে নকআউট পর্বে ভাল খেলেও 'আসরের চমক' সেনেগালের কাছে শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে যায় সুইডেন। যে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল হেনরি কামারার 'গোল্ডেন গোল'!

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপেও তাদের দৌড় থেমে যায় দ্বিতীয় রাউন্ডেই। এবার ‘বি’ গ্রুপ থেকে দুইটি ড্র আর একটি জয় নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে তারা নাম লেখায় শেষ ষোলোর লড়াইয়ে। গ্রুপ পর্বে ইংল্যান্ড (২-২) আর ত্রিনিদাদের (০-০) সাথে ড্র করার পর শেষ ম্যাচে সুইডেন ১-০ গোলে হারায় প্যারাগুয়েকে।

তবে রাউন্ড অব সিক্সটিনে তাদের সামনে পড়ে ক্লোসা, বালাক, পোডলস্কিদের নিয়ে গড়া স্বাগতিক জার্মানি। ফলাফল ২-০ গোলে হেরে আরও একবার  নকআউট পর্ব থেকে বিদায়।

এর পরের দুটি বিশ্বকাপে আসরে অবশ্য দর্শক হয়েই ছিল সুইডিশরা। তবে এবার আবারও তারা ফিরে এসেছে নতুন উদ্যমে। দেখা যাক রাশিয়া বিশ্বকাপে কোন চমক উপহার দিতে পারে কিনা 'ইব্রা-বিহীন' তারুণ্যনির্ভর সুইডেন।

কখনও বিশ্বকাপ না জিতলেও একবার বিশ্বকাপের ফাইনাল খেলা, দুইবার তৃতীয় আর একবার চতুর্থ  হওয়া সুইডেন জন্ম দিয়েছে অসংখ্য কিংবদন্তী ফুটবলারের। এ প্রসঙ্গে সবার আগে যার নামটা আসা উচিত তিনি হলেন জলাতান ইব্রাহিমোভিচ। নিঃসন্দেহে তিনি সুইডেনের ইতিহাসের সবচেয়ে বড় তারকা। কেবল সুইডেনই নয়, ফুটবল ইতিহাসেরই সর্বকালের সেরা স্ট্রাইকারদের শর্টলিস্টে জায়গা পাওয়ার ক্ষমতা রাখেন তিনি।।

সুইডেনের হয়ে তিনি খেলেছেন ২০০২ আর ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে। খেলেছেন ২০০৪ থেকে  ২০১৬ পর্যন্ত টানা চারটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সুইডেনের জার্সি গায়ে ১১২টি আন্তর্জাতিক ম্যাচে ৬২ গোল করে দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি। রেকর্ড টানা ১১ বার জিতেছেন সুইডেনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

সুইডিশ টেনিস তারকা বিয়ন বর্গের পরে দেশটির সর্বকালের সেরা ‘স্পোর্টস পারসোনালিটি’ও নির্বাচিত হয়েছেন ইব্রা। আর ক্লাব ফুটবলে তো ইব্রা রীতিমতো লিজেন্ড পর্যায়ের একজন। খেলেছেন আয়াক্স, ইন্টার মিলান, এসি মিলান, বার্সেলোনা, জুভেন্টাস , প্যারিস সেন্ট জার্মেই আর ম্যানচেস্টার ইউনাইটেডের মত বিখ্যাত সব ক্লাবে। বর্তমানে তিনি খেলছেন আমেরিকার মেজর লীগ সকারে এলএ গ্যালাক্সির হয়ে। ক্লাব ফুটবল ক্যারিয়ারে সব মিলিয়ে তাঁর অর্জন ৩২টি ট্রফি।

সুইডেনের ইতিহাসে আরেকজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন হেনরিক লারসন। সুইডেনের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা লারসন ছিলেন একজন জাত গোলশিকারি। যিনি ছিলেন ১৯৯৪ বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়া সুইডিশদের সেই 'স্বর্ণালি প্রজন্মের' অন্যতম সদস্য। দেশের হয়ে ১০৬ ম্যাচে তিনি করেছেন ৩৭ গোল; খেলেছেন বার্সেলোনা , ম্যানচেস্টার ইউনাইটেড, সেলটিকের মত ইউরোপের ঐতিহ্যবাহী সব ক্লাবে। ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনার হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাসহ সব মিলিয়ে ১৭টি ট্রফি জেতার কৃতিত্ব আছে তাঁর। ক্লাব ক্যারিয়ারে ৭৩৮ ম্যাচে তাঁর গোলের সংখ্যা ৪৩৪টি। সেল্টিকের হয়ে তিনি স্কটিশ প্রিমিয়ার লীগের সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন পাঁচবার।

এছাড়া সাবেক আর্সেনাল কিংবদন্তি ফ্রেডি লিউংবার্গকে বলা হয় সুইডেনের ইতিহাসে সেরা উইঙ্গার। দেশের হয়ে খেলেছেন ২০০২ আর ২০০৬ সালের বিশ্বকাপে। তবে ইনজুরির কারণে দুটি বিশ্বকাপেই নিজের সেরা খেলাটা উপহার দিতে পারেন নি তিনি। এছাড়াও তিনি খেলেছেন ২০০৪ আর ২০০৮ সালের ইউরো আসরে।

দেশের হয়ে ৭৫ ম্যাচে ১৪ গোল করা লিউংবার্গের
ক্লাব ফুটবলে সেরা সময়টা কেটেছে আর্সেনালের হয়ে; জিতেছেন দুটি প্রিমিয়ার লীগ আর তিনটি এফএ কাপ শিরোপা। ২০০১-০২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। এছাড়া দুইবার তিনি জিতেছেন সুইডেনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

Previous
Next Post »