টেস্টে বোলারদের 'ক্যারিয়ার টু ডেট' এভারেজ

ক্রিকেটের অজানা ফ্যাক্টসমগ্র - পর্ব ৪৩


# টেস্ট ক্রিকেটে একজন ব্যাটসম্যান বা বোলারের গ্রেটনেস বোঝানোর জন্য মাপকাঠি হিসেবে আমরা প্রায়ই হাই ব্যাটিং এভারেজ এবং লো বোলিং এভারেজকে বিবেচনা করে থাকি। এক্ষেত্রে ব্যাটিং এভারেজ ৫০ এবং বোলিং এভারেজ ২৫কে একটা আদর্শ মানদণ্ড হিসেবে ধরা যেতে পারে।

যেসব বোলার ২৫ বা তার কম এভারেজ নিয়ে ক্যারিয়ার শেষ করেছে তাঁদের সবাই নিঃসন্দেহে গ্রেট বোলার। কিন্তু তাঁদের মধ্যে কে কতটা সফলভাবে পুরো ক্যারিয়ার জুড়ে এই এভারেজ মেইনটেইন করতে পেরেছেন সেটা কিন্তু খালি এভারেজ দেখে বোঝার উপায় নেই। তার মানে শুধু বোলিং এভারেজ দিয়ে একজন বোলারের ক্যারিয়ারে ফর্মের ওঠানামা কিংবা নির্দিষ্ট একটা লেভেলে পারফরম্যান্সের তথা উইকেট টেকিংয়ের কন্সিসটেন্সি সম্পর্কে অনুমান করা সম্ভব নয়।

একজন ব্যাটসম্যান/বোলারের ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক টেস্ট শেষে ব্যাটিং/বোলিং এভারেজ কত ছিল সেটা 'ম্যাচ বাই ম্যাচ' ভিত্তিতে হিসাব করলেই পাওয়া যায় 'ক্যারিয়ার টু ডেট' এভারেজ। এটা দ্বারা কীভাবে একজন ব্যাটসম্যানের একটা স্পেসিফিক লিমিট বা স্ট্যান্ডার্ডে এভারেজের সাকসেস রেট পরিমাপ করা যায় এবং সেটা কীভাবে তার স্কোরিং রেটের কন্সিসট্যান্সি ইন্ডিকেট করছে সেটা ব্যাটসম্যানদের নিয়ে আগের পোস্টেই বিস্তারিত বলেছি। বোলারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আমরা এখানে বোলারদের ক্ষেত্রে ২৫ বা তার কম এভারেজকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরেছি যা একজন বোলারের এই স্ট্যান্ডার্ডে উইকেট টেকিংয়ের কন্সিসট্যান্সি ইন্ডিকেট করে।

তো এই 'ক্যারিয়ার টু ডেট' এভারেজের ডাটা এনালাইসিস করে বোলারদের ম্যাক্সিমাম ২৫ বা তার কম এভারেজের স্ট্যান্ডার্ডে সাকসেস রেট (শতকরা হার) হিসাব করতে গিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস উঠে আসে।



টেস্টে বোলারদের  'ক্যারিয়ার টু ডেট' এভারেজ 


১.
সর্বোচ্চ ২৫ বা তার চেয়ে কম ক্যারিয়ার গড়ের অধিকারী বোলারদের (ন্যুনতম ২৫ টেস্ট কিংবা ১০০ উইকেট) মধ্যে ক্রিকেট ইতিহাসে মাত্র ৫ জন আছেন টেস্টে যাদের 'ক্যারিয়ার টু ডেট' বোলিং গড় কখনো ২৫ এর ওপরে যায় নি। অর্থাৎ তাদের ক্যারিয়ারের ১০০% ম্যাচে তাঁরা ২৫ বা তার কম এভারেজ ধরে রাখতে সমর্থ হয়েছেন। তাঁরা হলেন যথাক্রমে-

★ সিডনি বার্নস (ইংল্যান্ড) ২৭ ম্যাচে ১৬.৪৩ গড়ে ১৮৯ উইকেট
★ ফ্রেড ট্রুম্যান (ইংল্যান্ড) ৬৭ ম্যাচে ২১.৫৭ গড়ে ৩০৭ উইকেট
★ কিথ মিলার (অস্ট্রেলিয়া) ৫৫ ম্যাচে ২২.৯৭ গড়ে ১৭০ উইকেট
★ কলিন ক্রফট (ওয়েস্ট ইন্ডিজ) ২৭ ম্যাচে ২৩.৩০ গড়ে ১২৫ উইকেট।
★ বিল জন্সটন (অস্ট্রেলিয়া) ৪০ ম্যাচে ২৩.৯১ গড়ে ১৬০ উইকেট

শতভাগ সফল বোলারদের মধ্যে সিডনি বার্নসের কথা একটু আলাদাভাবে বলতে হয়। তাঁর 'ক্যারিয়ার টু ডেট' বোলিং এভারেজ ২৫ তো নয়ই; বরং ২২.১ এর ওপরেই কখনো যায় নি!

২.
এক্ষেত্রে আরো দুজন গ্রেট ফাস্ট বোলারের কথা না বললেই নয়। একজন হলেন সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার ইয়ান বিশপ। তাঁর ৪৩ টেস্টের ক্যারিয়ারে খেলা শুধুমাত্র অভিষেক টেস্ট ম্যাচটিতেই উইকেটশুন্য ছিলেন। এছাড়া তার ক্যারিয়ারের বাকি ৪২ ম্যাচের কোনটিতেই বোলিং এভারেজ ২৫ এর ওপরে ওঠে নি। ক্যারিয়ার জুড়ে ন্যুনতম ২৫ বোলিং গড় ধরে রাখার ক্ষেত্রে ইয়ান বিশপের সাকসেস রেট ছিল ৯৭.৭ %!

আরেকজন হলেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি। ৭০ টেস্টের ক্যারিয়ারে তাঁর 'ক্যারিয়ার টু ডেট' বোলিং গড় মাত্র ৩ বার ২৫ এর ওপর উঠেছিল। তাও সেটা ২৫.৩ এর বেশি নয়! ক্যারিয়ার জুড়ে ন্যুনতম ২৫ বোলিং গড় ধরে রাখার ক্ষেত্রে ডেনিস লিলির সাকসেস রেট ছিল ৯৫.৭%!

৩.
ক্রিকেট ইতিহাসের উল্লেখযোগ্য কয়েকজন সফল উইকেটশিকারি বোলারের (যাঁদের ক্যারিয়ার গড় ২৫ বা তার কম) সাকসেস রেট তুলে ধরছি।

★ ভার্নন ফিল্যান্ডার** - ১০০% (৪০ টেস্টের ৪০টিতে)
★ শন পোলক - ৯৪.৪% (১০৮ টেস্টের ১০২টিতে)
★ ওয়াকার ইউনুস - ৯৪.৩% (৮৭ টেস্টের ৮২টিতে)
★ রায়ান হ্যারিস - ৯২.৬% (২৭ টেস্টের ২৫টিতে)
★ জোয়েল গার্নার - ৯১.৪% (৫৮ টেস্টের ৫৩টিতে)
★ কার্টলি অ্যাম্ব্রোস - ৮৬.৭% (৯৮ টেস্টের ৮৫টিতে)
★ অ্যালান ডোনাল্ড - ৮৪.৭% (৭২ টেস্টের ৬১টিতে)
★ ডেল স্টেইন**- ৮৩.৫% (৮৫ টেস্টের ৭১টিতে)
★ গ্লেন ম্যাকগ্রা - ৮২.২৫% (১২৪ টেস্টের ১০২টিতে)
★ ওয়াসিম আকরাম - ৭৬.৯% (১০৪ টেস্টের ৮০টিতে)
★ ম্যালকম মার্শাল - ৭২.৮% (৮১ টেস্টের ৫৯টিতে)
★ মাইকেল হোল্ডিং - ৭১.৭% (৬০ টেস্টের ৪৩টিতে)
★ স্যার ইয়ান বোথাম** - ৬১.৮% (১০২ টেস্টের ৬৩টিতে)
★ ইমরান খান - ৫৪.৫% (৮৮ টেস্টের ৪৮টিতে)
★ স্যার রিচার্ড হ্যাডলি - ৫৩.৫% (৮৬ টেস্টের ৪৭টিতে)
★ মুত্তিয়া মুরালিধরন - ৫৪.১% (১৩৩ টেস্টের ৭২টিতে)
★ কোর্টনি ওয়ালশ - ৪৩.৯% (১৩২ টেস্টের ৫৮টিতে)
★ শেন ওয়ার্ন - ৪১.৩৭% (১৪৫ টেস্টের ৬০টিতে)
★ রবিচন্দ্রন অশ্বিন* - ২২.৭৩% (৪৪ টেস্টের ১০টিতে)
★ শেন বন্ড*** - ৭৭.৭৮% (১৮ টেস্টের ১৪টিতে)

*এদের মধ্যে শুধুমাত্র ভার্নন ফিল্যান্ডার, ডেল স্টেইন ও রবিচন্দ্রন অশ্বিন এখনো খেলছেন।
**ইয়ান বোথামের ক্যারিয়ার বোলিং গড় ২৮। তবে এই স্ট্যান্ডার্ডে (২৫ বা তার চেয়ে কম) তাঁর সাকসেস রেট (৬১.৮%) ইম্প্রেসিভ যা বোলার হিসেবে তাঁর কন্সিসট্যান্সি ইন্ডিকেট করে।
*** শেন বন্ডের ক্যারিয়ার গড় ২২ হলেও তিনি মাত্র ১৮ টি টেস্ট খেলেছেন। তাই বিশেষ বিবেচনায় তাঁরটা হিসাব করা হয়েছে।

Previous
Next Post »