ক্রিকেটের অজানা ফ্যাক্টসমগ্র - ৪৪
ক্রিকেটের একটি বিতর্কিত ও অদ্ভুত ধরনের ডিসমিশাল হচ্ছে 'মানকাডিং'। বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে যা খুবই কম দেখা যায়। ভারতীয় বাঁহাতি স্পিনার ভিনু মানকড় সর্বপ্রথম আন্তর্জাতিক ক্রিকেটে এই আউটের প্রচলন করেন। তাঁর নামের শেষাংশ 'মানকড়' (ইংরেজী উচ্চারণে আসলে যেটা Mankad) থেকেই এই 'মানকাডিং' নামকরণের উৎপত্তি।
একজন বোলারের বল ডেলিভারি দেয়ার আগমুহূর্তে স্বাভাবিকভাবেই নন স্ট্রাইক এন্ডে থাকা ব্যাটসম্যান কিছুটা সামনে এগিয়ে থাকেন যেন দ্রুত সিঙ্গেল নিতে সুবিধা হয়। তো নন স্ট্রাইকারের এই 'ব্যাক আপ' নেয়ার সুযোগটাকেই কাজে লাগিয়েছিলেন মানকাডিংয়ের জনক ভিনু মানকড়।
১৯৪৭ সালের সিডনি টেস্টের ঘটনা। বল ছোঁড়ার ঠিক আগমুহূর্তে ভিনু মানকড় খেয়াল করলেন যে নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান বিল ব্রাউন ক্রিজ থেকে কিছুটা বাইরে অবস্থান করছেন। তিনি বল ডেলিভারি না করে সোজা স্টাম্প ভেঙে দিলেন এবং আপিল করলেন রান আউটের(ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা নন স্ট্রাইকারকে এভাবে রান আউটের ফাঁদে ফেলাকেই বলা হয় মানকাডিং)। যেহেতু ক্রিকেটের আইন অনুযায়ী এভাবে আউট করার ব্যাপারটা সম্পূর্ণ বৈধ তাই মানকড়ের আপিলে সাড়া না দিয়ে কোন উপায় ছিল না আম্পায়ারের। আর এই আউটের মধ্য দিয়েই 'মানকাডেড' হওয়া ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে রেকর্ডবুকে ঢুকে গেলেন বিল ব্রাউন!
সে যুগে অস্ট্রেলিয়ান মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল এই মানকাডিং। ক্রিকেট মহলে এই বিষয়টা তুমুল সমালোচিতও হয়েছিল কেননা বেশিরভাগের দৃষ্টিতেই এটা ছিল ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। আবার অনেকে মানকড়ের এই চাতুর্যের (পড়ুন ছলনা) কিংবা উপস্থিত বুদ্ধির বেশ তারিফও করেছিলেন। তাদের বক্তব্য ছিল, একজন ব্যাটসম্যান যদি কয়েক ধাপ সামনে এগিয়ে থেকে 'অনৈতিক' সুবিধা ভোগ করতে পারেন তো একজন বোলার কেন তাকে আউট করার সুযোগ নিতে পারবেন না।
অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান অবশ্য মানকাডিংয়ের ঘটনাটিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। তাঁর মতে যেহেতু এটা ক্রিকেটীয় আইনসিদ্ধ সেহেতু এর বিরোধিতা বা সমালোচনা করার কোন কারণ নেই। মজার ব্যাপার হল, ওই সফরেরই একটি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষেও একই কাজ করেছিলেন ভিনু মানকড়! কাকতালীয়ভাবে সেবারও মানকাডিংয়ের 'ভিক্টিম' ছিলেন এই বিল ব্রাউন! তাই বলা যেতে পারে, মানকড় হয়ত আগে থেকেই এই ব্রাউন সাহেবকেই টার্গেট করে রেখেছিলেন তাঁর শিকারে পরিণত করবেন বলে! তবে টেকনিক্যালি এই মানকাডিং আসলে রান আউট ছাড়া কিছুই নয়। তার মানে এই আউটের কৃতিত্ব আসলে বোলারের নয়; বরং বোলাররূপী ফিল্ডারের!
# আন্তর্জাতিক ও ফার্স্ট ক্লাস ক্রিকেট মিলিয়ে মানকাডিংয়ের যতগুলো ঘটনা রেকর্ডবুকে সংরক্ষিত রয়েছে সেগুলোর একটা সুনির্দিষ্ট তালিকা আপনাদের সামনে তুলে ধরছি।
বিতর্কিত ডিসমিশাল - মানকাডিং
★ টেস্ট ক্রিকেট:
১. বিল ব্রাউন বাই ভিনু মানকড়, অস্ট্রেলিয়া বনাম ভারত, সিডনি, ১৯৪৭-৪৮
২. ইয়ান রেডপ্যাথ বাই চার্লি গ্রিফিন, অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৬৮-৬৯
৩. ডেরেক র্যান্ডাল বাই এউইন চ্যাটফিল্ড, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ক্রাইস্টচার্চ, ১৯৭৭-৭৮
৪. সিকান্দার বখত বাই অ্যালান হার্স্ট, পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, পার্থ, ১৯৭৮-৭৯
★ ওয়ানডে:
১. ব্রায়ান লুকহার্স্ট বাই গ্রেগ চ্যাপেল, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্ন, ১৯৭৪-৭৫
২. গ্র্যান্ট ফ্লাওয়ার বাই দীপক প্যাটেল, জিম্বাবুয়ে বনাম নিউজিল্যান্ড, হারারে, ১৯৯২-৯৩
৩. পিটার কার্স্টেন বাই কপিল দেব, সাউথ আফ্রিকা বনাম ভারত, পোর্ট এলিজাবেথ, ১৯৯২-৯৩
৪. জস বাটলার বাই সাচিত্রা সেনানায়েকে, ইংল্যান্ড বনাম শ্রীলংকা, এজবাস্টন, ২০১৪
★ টি২০:
১. মার্ক চ্যাপম্যান বাই আমির কালিম, হংকং বনাম ওমান, ফতুল্লা, ২০১৬
★ ফার্স্ট ক্লাস:
১. এলেক্স ব্যারো বাই মুরালি কার্তিক, সমারসেট বনাম সারে, টন্টন, ২০১২
★ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ:
১. রিচার্ড গারাভা বাই কিমো পল, জিম্বাবুয়ে অনুর্ধ্ব ১৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব ১৯, চট্টগ্রাম, ২০১৬
# মানকাডিংয়ের সুযোগ পেয়েও একজন বোলার সৌজন্যতা বা ক্রিকেটীয় চেতনাবোধ থেকে মানকাডিংয়ের পথে হাঁটেন নি এমন ঘটনারও একাধিক নজির রয়েছে ক্রিকেট ইতিহাসে।
★ কোর্টনি ওয়ালশ – সেলিম জাফর :
১৯৮৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের 'নাম্বার ইলেভেন' সেলিম জাফরকে আউট করার সুযোগ পেয়েও তাকে শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিলেন ক্যারিবিয়ান ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। কিন্তু শেষমেশ ওয়ালশের এই 'মহানুভবতার' দায়ে চরম মূল্য দিতে হয়েছিল তার দল ওয়েস্ট ইন্ডিজকেই! ম্যাচটি হেরে যাবার মধ্য দিয়েই সেমিফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে পড়ে তারা।
★ মোহাম্মদ রফিক - উমর গুল :
২০০৩ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক মুলতান টেস্টেও ঘটেছিল একই ঘটনা। এবারে ১০ নম্বরে নামা পাকিস্তানী ব্যাটসম্যান উমর গুলকে সুযোগ পেয়েও আউট না করার 'উদারতা' দেখিয়েছিলেন মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিকের একটি ওভারে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা উমর গুল বল ডেলিভারির অনেক আগেই ক্রিজ থেকে বের হয়ে গিয়েছিলেন। রফিক চাইলেই স্টাম্পে লাগিয়ে গুলকে আউট করতে পারতেন। স্টাম্পে বল লাগাতে গিয়েও রফিক শেষ পর্যন্ত লাগাননি শুধুমাত্র ক্রিকেটীয় সৌজন্যবোধ থেকে। পুরো দেশবাসীকে কাঁদিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত মাত্র ১ উইকেটের ব্যবধানে হেরে যাই আমরা! ওই রান আউটটা করতে পারলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। তবে ওয়ালশের মত রফিকের ঘটনাটিও 'স্পিরিট অব ক্রিকেটের' এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। গোটা ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল সেই ঘটনায়।
# মানকাডিং করেও ব্যাটসম্যান আউট হন নি এমন নজিরও আছে ক্রিকেট ইতিহাসে।
★ রবিচন্দ্রন অশ্বিন – লাহিরু থিরিমান্নে :
২০১২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কমনওয়েলথ ব্যাংক সিরিজের একটি ম্যাচে শ্রীলংকার লাহিরু থিরিমান্নেকে মানকাডিং করেছিলেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে সেদিন মাঠে উপস্থিত দুই আম্পায়ার পল রেইফেল ও বিলি বাউডেনের কেউই ব্যাপারটা মেনে নিতে পারেন নি তাই তাঁরা অশ্বিনকে আপিলের বিষয়টা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, সেদিন নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করছিলেন বীরেন্দর শেবাগ। এমন আকস্মিক মানকাডিংয়ের ঘটনায় তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। শেবাগকে দ্বিধান্বিত অবস্থায় দেখে এগিয়ে আসেন শচীন টেন্ডুলকার। শচীনের পরামর্শেই তিনি রান আউটের আপিল ফিরিয়ে নেবার সিদ্ধান্ত গ্রহণ করেন। ঘটনাটি সেসময় বেশ প্রশংসা কুড়িয়েছিল। অবশ্য ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শেবাগ অশ্বিনের পক্ষই নিয়েছিলেন। শেবাগের মতে অশ্বিন নাকি থিরিমান্নেকে আউটের আগে একবার সতর্কও করেছিল। অন্যদিকে, বিপক্ষ দলের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে অবশ্য বলেছিলেন তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। তিনি বরং এ ধরনের ক্রিকেটীয় চেতনাবিরোধী কাজের জন্য অশ্বিনের সমালোচনা করেন। হয়ত সেদিন টেন্ডুলকার ছিলেন বলেই আরো একটি মানকাডিংয়ের লজ্জা থেকে বেঁচে গিয়েছিল ক্রিকেটবিশ্ব।
ConversionConversion EmoticonEmoticon